মানিকগঞ্জে যুবলীগের নেতা-কর্মীদের বাধা ও হামলার কারণে বালুমহাল ইজারার দরপত্র জমা দিতে পারেননি সাধারণ ঠিকাদারেরা। গতকাল রোববার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কক্ষে দরপত্র জমা দেওয়ার সময় এ ঘটনা ঘটে। মানিকগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ২১ লাখ টাকায় মানিকগঞ্জ সদর, সাটুরিয়া ও ঘিওর উপজেলার ছয়টি বালুমহাল ইজারা দেওয়ার জন্য জেলা প্রশাসন থেকে দরপত্র আহ্বান করা হয়। গতকাল রোববার বেলা একটা পর্যন্ত ছিল দরপত্র জমা দেওয়ার শেষ সময়। এ সময়ের মধ্যে সাতটি দরপত্র জমা পড়লেও বিক্রি হয়েছিল ৫৯টি। প্রত্যক্ষদর্শীসহ ভুক্তভোগী ঠিকাদারেরা জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মেসার্স এল আর রহমান ও মেসার্স সুরমা বিল্ডার্স নামের দুই ঠিকাদারিপ্রতিষ্ঠানের পক্ষে রিজাউনুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কক্ষে রাখা বাক্সে বালুমহাল ইজারার দরপত্র জমা দিতে যান। এ সময় জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক ও দপ্তর সম্পাদক আবুল বাশারসহ যুবলীগের কয়েকজন নেতা-কর্মী তাঁদের দরপত্র জমাদানে বাধা দেন। এ নিয়ে নেতা-কর্মী ও তাঁদের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে নেতা-কর্মীরা দরপত্র জমা দিতে আসা লোকজনের ওপর হামলা করে মারধর করেন এবং দরপত্র ছিনিয়ে নেন। এর কিছুক্ষণ পর মেসার্স রিনা এন্টারপ্রাইজের পক্ষে জানে আলম নামের এক ব্যক্তি দরপত্র জমা দিতে গেলে যুবলীগের নেতারা তাঁকেও বেদম মারধর করে শিডিউল ছিনিয়ে নেন। এদিকে মেসার্স শাহাজাহান এন্টারপ্রাইজের পক্ষে আবদুল মালেক দরপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ করেন। জানা গেছে, বালুমহালের দরপত্র জমা নিয়ে সমঝোতা করার জন্য শনিবার রাতে জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ইসরাফিলের নেতৃত্বে ঠিকাদারদের এক গোপন সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক, দপ্তর সম ্পাদক আবুল বাশারসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সুরমা বিল্ডার্সের স্বত্বাধিকারী মানিকগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুর রহমান অভিযোগ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজানুর রহমান ও পুলিশের উপস্থিতিতে যুবলীগের নেতারা তাঁর দরপত্রসহ অন্যান্য ঠিকাদারদের মারধর করে দরপত্র ছিনিয়ে নেন। এ ব্যাপারে গতকালই তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, দরপত্র জমা নিয়ে তেমন কিছু হয়নি। কাউকে বাধা দান বা মারধর করা হয়নি। রাজনৈতিক প্রতিপক্ষ তুচ্ছ ঘটনাকে ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করছে। তবে মারধর ও দরপত্র ছিনতাইয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজানুর রহমান বলেন, বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। তিনি ব্যবস্থা নেবেন। জেলা প্রশাসক মুন্শী শাহাবুদ্দীন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বালুমহাল ইজারার দরপত্র জমা নিয়ে ঠিকাদারদের মধ্যে হাতাহাতির ঘটনা হয়েছে বলে তিনি শুনেছেন। তবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।