বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধে খুন হন আপেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে খুন করা হয় নরসিংদী শহরের ব্রাহ্মণপাড়া এলাকার ব্যবসায়ী আপেল মাহমুদকে। ওই মামলায় গ্রেপ্তার হওয়া আসামি তাজুল ইসলাম গতকাল সোমবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা জানিয়েছেন।গত শনিবার নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে দুর্বৃত্তদের গুলিতে খুন হন মুদি ব্যবসায়ী আপেল মাহমুদ। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই দিনই একই এলাকার ইসলাম মিয়ার স্ত্রী নিলি বেগম ও ছেলে মাসুদ মিয়াকে আটক করে পুলিশ।নিহত আপেলের স্ত্রী নিলুফা রহমান গত রোববার ইসলাম মিয়াকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর রোববার বিকেলেই পুলিশ আরও দুই আসামি সেলিম মিয়া ও তাজুল ইসলামকে গ্রেপ্তার করে।মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক হাওলাদার জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে তাজুল ইসলাম গতকাল নরসিংদীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সিহাবুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি হত্যার সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করে ঘটনার বর্ণনা দেন।এসআই আজিজুল হক আরও জানান, গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিদের প্রত্যেককে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। আজ মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত।মামলার এজাহার ও তাজুলের জবানবন্দির বরাত দিয়ে এসআই আজিজুল হক জানান, স্থানীয় বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে ব্যবসায়ী আপেল মাহমুদের ভাতিজা আরিফ মিয়া ও তারিফ মিয়াসহ কয়েকজনের সঙ্গে একই এলাকার ইসলাম মিয়ার লোকজনের বিরোধ চলছিল বেশ কিছুদিন ধরে। আপেল মাহমুদ নিজের ব্যবসার পাশাপাশি ভাতিজাদের বালুমহালের ব্যবসাও দেখাশোনা করতেন। এ কারণে তিনিও ইসলামের পক্ষের লোকজনের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। এ অবস্থায় গত ১৬ নভেম্বর আপেলের দোকানের সামনে খুন হন ইসলাম মিয়ার ছেলে মাসুম মিয়া। ওই হত্যার ঘটনায় ইসলাম মিয়া বাদী হয়ে আপেলের ভাতিজা আরিফ ও তারিফকে অভিযুক্ত করে থানায় হত্যা মামলা করেন।এসআই আজিজুল হক আরও জানান, জবানবন্দিতে তাজুল ইসলাম বলেছেন, ইসলাম মিয়ার এক নিকটাত্মীয় কয়েক দিন আগে কারাগার থেকে ছাড়া পান। এরপর ইসলামের স্ত্রী নিলি বেগম ও ছেলে মাসুদকে নিয়ে আপেলকে হত্যার পরিকল্পনা করেন।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।