বালুমাটি জমে ভরাট হচ্ছে কর্ণফুলী

কর্ণফুলী সেতু থেকে ডান দিকে বন্দরের দিকে তাকালে চোখ আটকে যায় বালুমাটির স্তূপে। কোথাও কোথাও বালুমাটি স্তূপ হয়ে উঁচু হয়ে আছে। দেখে বোঝার উপায় নেই যে এই এলাকা থেকে বছর খানেক আগে অপসারণ করা হয়েছিল প্রায় সাড়ে ১৫ লাখ ঘনমিটার বালুমাটি। গত রোববার কর্ণফুলী নদীর সেতু থেকে সদরঘাট এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
খননকাজ বন্ধ থাকার কারণে কর্ণফুলী নদীর তৃতীয় সেতু এলাকা থেকে বন্দরের দিকে ক্রমশ বালুমাটি জমে ভরাট হচ্ছে। বন্দরের একটি কমিটির প্রতিবেদনের হিসাবে, খননকাজ বন্ধ থাকার পর গত ১৫ মাসে কর্ণফুলী সেতু থেকে আড়াই কিলোমিটার এলাকায় বালুমাটি জমেছে প্রায় ১৩ লাখ ঘনমিটার।
কর্ণফুলী সেতুর কারণে জমে থাকা পলিমাটি সরাতে বড় আকারের খননকাজের প্রকল্প হাতে নিয়েছিল বন্দর। এ জন্য ২২৯ কোটি টাকায় এ প্রকল্প বাস্তবায়নের জন্য মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং করপোরেশনের (এমএমডিসি) সঙ্গে বন্দরের চুক্তিও হয় ২০১১ সালের ২৮ এপ্রিল। নির্ধারিত সময়ে (২০১৩ সালের জানুয়ারি) কাজ শেষ করতে না পারায় চুক্তি বাতিল করে বন্দর কর্তৃপক্ষ। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান মামলা করে আদালতে।
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে মামলার বিষয় নিষ্পত্তি হলে দ্রুত বালুমাটি অপসারণের কাজ হাতে নেওয়া হবে। এর আগে খননকাজ করার সুযোগ নেই।
বন্দর সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রাখায় ক্ষয়ক্ষতি নিরূপণে একটি কমিটি গঠন করা হয়। বন্দরের পর্ষদ সদস্য (প্রশাসন) মো. নজরুল ইসলামকে আহ্বায়ক করে গঠিত কমিটির প্রতিবেদনে বলা হয়, প্রকল্প এলাকায় নদীর তীরে চার মিটার গভীরতার জন্য এখন ৩৩ দশমিক ৮৮ লাখ ঘনমিটার বালুমাটি অপসারণ করতে হবে। নতুন করে এসব বালুমাটি অপসারণ করতে হলে অন্তত ১৩৯ কোটি টাকা প্রয়োজন।
জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চার ধরনের কাজের মধ্যে ৩৬ লাখ ঘনমিটার বালুমাটি অপসারণের চুক্তি ছিল। এর মধ্যে গত বছরের আগস্টে কাজ বন্ধ হওয়ার আগে বন্দর সরেজমিনে জরিপ করে ১৫ লাখ ৪০ হাজার ঘনমিটার বালুমাটি অপসারণের বিল দিয়েছে। কমিটির হিসাবে এখন একই জায়গায় বালুমাটি অপসারণ করতে হবে ৩৩ দশমিক ৮৮ লাখ ঘনমিটার।
কমিটির আহ্বায়ক মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রতিবেদন দেওয়ার সময় ৩৩ দশমিক ৮৮ লাখ ঘনমিটার বালুমাটির স্তূপ পাওয়া গেছে। এখন জরিপ হলে আরও বেশি পাওয়া যাবে। চার মিটার গভীরতার জন্য আরও বেশি পরিমাণে বালুমাটি অপসারণ করতে হবে।
প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, সেতু থেকে সদরঘাট পর্যন্ত আটটি খাল দিয়ে নগরের ময়লা-আবর্জনা পড়ছে কর্ণফুলী নদীতে। এ ছাড়া কর্ণফুলী সেতুর কারণে ডান দিকে প্রকল্প এলাকায় বালুমাটি জমে ভরাট হচ্ছে। পলি জমে ভরাট হয়ে যাওয়ায় সেতু থেকে সদরঘাট পর্যন্ত এলাকায় নৌ চলাচলের পথ সংকুচিত হয়ে পড়ছে।
জানতে চাইলে সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘খননকাজ বন্ধ হওয়ার পর আগের মতো বালুমাটির স্তূপ জমেছে। স্বাভাবিক জোয়ারে খাল দিয়ে পানি ঢুকলে বের হতে পারে না। শুল্ক মৌসুমে খননকাজ শেষ করতে না পারলে আগামী বর্ষায় জলাবদ্ধতা ঠেকানো যাবে না। এ জন্য বন্দর খননযন্ত্র সরবরাহ করলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি।’