বালুর নিচ থেকে উদ্ধার যুবকের লাশ শনাক্ত
রাজধানীর বাড্ডা থানা এলাকার বালুর নিচ থেকে উদ্ধার হওয়া যুবকের পরিচয় মিলেছে। ওই ব্যক্তির নাম রাজকুমার (২৫)। গতকাল শনিবার সকালে ওই যুবকের বাবা ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন।
রাজকুমারের বাবা কৃষ্ণরাজ সাংবাদিকদের জানান, খিলগাঁওয়ের ত্রিমুহনীসংলগ্ন এলাকায় তাঁদের বাসা। রাজকুমার সাধারণত ফেরি করে দুধ বিক্রি করতেন। ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাঁর (কৃষ্ণরাজ) কাছ থেকে বিক্রির জন্য মাছ কিনতে যাওয়ার কথা বলে নয় হাজার টাকা নেন। পরে বাসা থেকে বের হওয়ার পর তাঁর কোনো খোঁজ ছিল না।
কৃষ্ণরাজ বলেন, ‘রাজকুমারের সঙ্গে কারও শত্রুতা নেই। কে বা কারা কী কারণে তাঁকে হত্যা করেছে তা বুঝতে পারছি না।’
বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ফারুক প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে।
গত শুক্রবার দুপুরে রাজধানীর বাড্ডা থানার আফতাবনগর প্রজেক্টের শেষ মাথায় বালুর নিচ থেকে রাজকুমারের লাশ অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার করা হয়।