বালুর নিচ থেকে প্রাচীন নৌকাটি তোলা শুরু
কুয়াকাটা সমুদ্রসৈকতে জেগে ওঠা প্রায় ২০০ বছরের পুরোনো নৌকাটি তোলার কাজ গতকাল শনিবার সকাল ১০টায় শুরু হয়েছে। এ উপলক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক বেগম শিরিন আক্তারের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ওই দলের সদস্যরা জেলা পরিষদের কুয়াকাটার ডাকবাংলোতে সভায় মিলিত হন। সভায় বালু থেকে নৌকাটি তোলা ও যথাযথভাবে সংরক্ষণের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে বাংলাদেশি ট্র্যাডিশনাল বোট মিউজিয়াম ও চট্টগ্রামের ‘তাড়াতাড়ি শিপইয়ার্ড’-এর ব্যবস্থাপনা পরিচালক ইভ্স্ মারের নেতৃত্বে একটি উপকমিটি গঠন করা হয়। ইভ্স্ মারে জানান, ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে মাটি কেটে নৌকাটি তোলার কাজ শেষ হবে। এরপর কুয়াকাটার একটি নিরাপদ স্থানে নৌকাটি সংরক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে দর্শক, গবেষক ও কুয়াকাটায় সফরে আসা শিক্ষার্থীরা এটা দেখতে পারে। কুয়াকাটা সৈকতের পূর্ব দিকে ঝাউবাগানসংলগ্ন এলাকায় বালুর মধ্যে দেবে আছে কাঠের এই নৌকাটি। গত ৩ জুলাই প্রথম আলোয় নৌকাটি নিয়ে প্রতিবেদন ছাপা হয়।