বালুর ভাস্কর্যে পুষ্পার্ঘ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে ভ্রমণে আসা কয়েক হাজার পর্যটক গতকাল বৃহস্পতিবার সমুদ্র সৈকতে অন্য রকম বিজয় উৎসবে মেতে ওঠে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল দিয়ে তারা বালু ও পানিতে গড়া জাতীয় স্মৃতিসৌধ, বধ্যভূমি ও সাতজন বীরশ্রেষ্ঠর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করে। গতকাল সকাল আটটায় ‘বালুর স্মৃতিসৌধে’ ফুল দিয়ে শ্রদ্ধা জানান বালু ভাস্কর্য উৎসবের আয়োজক সংস্থা ‘গ্রিন ওয়ার্ল্ড’র কর্মকর্তা-কর্মচারীরা। এরপর ফুল দিতে আসেন সৈকত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বে নিয়োজিত মুঠোফোন কোম্পানি বাংলালিংকের ২২ জন পরিচ্ছন্নতাকর্মী। সকাল নয়টায় ছোট ভাইকে সঙ্গে নিয়ে ভাস্কর্যে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র ফাহিম। সে জানায়, তার এখানে আসার উদ্দেশ্য দুটি। প্রথমটি হচ্ছে, বালু ও পানি দিয়ে কী করে ভাস্কর্য তৈরি হয়, তা দেখা। দ্বিতীয়টি, একাত্তরে হানাদাররা কী নির্মমভাবে দেশের মুক্তিকামী মানুষকে হত্যা করেছিল, তা স্বচক্ষে দেখা। গতকাল থেকে বিশ্বের দীর্ঘতম এই সৈকতে লাখো পর্যটকের সমাগম ঘটে। শহরের আড়াই শতাধিক হোটেল-মোটেল ও গেস্টহাউসে কোনো কক্ষ খালি নেই। সকালে সমুদ্রে নেমে গোসল এবং বিকেলে সূর্যাস্ত দেখার পাশাপাশি বিপুলসংখ্যক পর্যটক ভাস্কর্য উৎসবে যোগ দেয়। পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন ওয়ার্ল্ড’ সৈকতের সার্ফিং পয়েন্টে দ্বিতীয়বারের মতো ‘বিজয় বালু ভাস্কর্য উৎসব’-এর আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের শিক্ষক মো. এনামুল হক, এ এ এম কাউসার হোসেন ও আতিকুল ইসলামের তত্ত্বাবধানে ২২ জন শিক্ষার্থী বালু ও পানি দিয়ে এই ভাস্কর্যগুলো নির্মাণ করেন। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে।