বালুর শহীদ মিনারে শ্রদ্ধার ফুল
বালুর ছোট ছোট ঢিবি। তার ওপর গাঁদা ফুল গুঁজে দিতে উন্মুখ কয়েকটি শিশু। তাদের একজনের পরনে কিছুই নেই। হাতে ছোট্ট একটি পতাকা। পতাকার স্ট্যান্ড নেই। স্ট্যান্ডের জায়গায় একটি পাটকাঠি ঢোকানো। মাথায় জাতীয় পতাকার ব্যান্ড। নাম মাইনুল ইসলাম ওরফে কুখা। থাকে রাজশাহী নগরের জামালপুর এলাকায় রেললাইনের পাশের বস্তিতে। সবার বড় শিশুটির নাম আইনুল (১০)। ওরা একই বস্তিতে থাকে। বালু দিয়ে শহীদ মিনার তৈরির পরিকল্পনা তারই। আইনুল জানায়, বিজয় দিবসের প্রথম প্রহরে মহল্লার যুবলীগের নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছেন দেখে আইনুল তাঁদের পিছু নেয়। মহল্লার বড় ভাইয়েরা সবাই ফুল দিলেন। আইনুল শুধু দেখল। ওর কাছে ফুল ছিল না; তাই দিতে পারেনি। রাতে বাড়ি ফিরে ভাবে, বন্ধুদের নিয়ে সকালে একটা শহীদ মিনার বানাবে। সকালে উঠে আইনুল তার বন্ধু সবুজ, নাহিদ, স্বাধীন ও সম্রাটকে ডেকে নেয়। পরিকল্পনা শুনে ওদের পিছু নেয় মাইনুল ইসলাম। ওরা বিশ্ববিদ্যালয়ের কবরস্থানের পাশের রেলক্রসিং-সংলগ্ন জায়গায় কিছু বালু পায়। রাস্তার কাজ শেষে ঠিকাদার এই বালু ফেলে রেখে গেছেন। এই বালু দিয়ে সেখানেই তারা শহীদ মিনার বানাতে কাজে লেগে যায়। বালু দিয়ে কিছুতেই উঁচু মিনার হচ্ছে না। কী করা যায়? একজন বলে, পানি দিয়ে ভেজালে হবে। এর পর পাশের ডোবা থেকে পলিথিনে করে পানি এনে বালু ভিজিয়ে নেয়। সরেজমিনে দেখা যায়, সবার ছোট মাইনুল ওদের ফুট-ফরমায়েশ খাটছে। পলিথিনে করে পানি আনছে। বিশ্ববিদ্যালয়ের কবরস্থান থেকে ফুল ছিঁড়ে আনছে। আর পতাকা নিয়ে ছোটাছুটি করছে। শহীদ মিনার কী এবং কেন করা হয়—জানতে চাইলে বলতে পারেনি আইনুল বা তার বন্ধুরা। তবে আইনুল বলে, মানুষ শহীদ মিনারে ফুল দেয়। এ জন্যই তারা শহীদ মিনার বানাচ্ছে। মাইনুল ইসলাম পতাকা কোথায় পেয়েছে জানতে চাইলে বলে, পাড়ায় কুড়িয়ে পেয়েছে। মাথার ব্যান্ড পাড়ার এক ছেলে তার মাথায় পরিয়ে দিয়েছে। ছবি তুলতে গেলে ওদের একজন এই প্রতিবেদকের কাছে জানতে চায়, ‘ছবি কি পেপারে দিবেন?’ পেপারে দেওয়া হবে বললে ওরা বলে, ‘ছয়জনকে ছয়ডা পেপার দিয়া যাবেন।’