নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীর গোপচরে গতকাল শনিবার সকালে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ইটবোঝাই বাল্কহেড ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। একই দিন বিকেলে শহরের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে যায়।
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার জানান, বেলা ১১টার দিকে সদর উপজেলায় ধলেশ্বরী নদীর গোপচর এলাকার আউয়ালের ঘাটে মিতালি-৪ নামের একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় এমভি আনন্দ নামে একটি ইটবোঝাই বাল্কহেড ডুবে যায়। এ সময় কাশেম (৪৫) ও কবির (২৫) নামের দুই শ্রমিক নিখোঁজ হন। খবর পেয়ে নৌ পুলিশসহ অন্যরা ঘটনাস্থলে গিয়ে তৎপরতা চালালেও বিকেল পর্যন্ত দুই শ্রমিকের সন্ধান মেলেনি। এদিকে বিকেল সাড়ে চারটার দিকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল-সংলগ্ন শহরের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যায় নূরের শিমরাইল নামে একটি বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে যায়। তবে যাত্রীরা সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
নারায়ণগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া বলেন, বাল্কহেড নূরের শিমরাইলকে আটক করা হয়েছে। ধলেশ্বরীতে নিখোঁজ শ্রমিকদের সন্ধানে তৎপরতা চলছে।