বাল্কহেড শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বালুবাহী নৌযান (বাল্কহেড) শ্রমিকদের ধর্মঘট অব্যাহত আছে। শ্রমিকেরা চার দিন ধরে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার আবুয়া নদীর ফতেপুর এলাকায় বালুবোঝাই দুই শতাধিক বাল্কহেড নোঙর করে এ কর্মসূচি পালন করছেন।
শ্রমিকদের সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলার ফাজিলপুর বালুমহাল থেকে প্রতিদিন কয়েক শ বাল্কহেড বালু-পাথর নিয়ে দেশের বিভিন্ন এলাকায় যায়। পথে আবুয়া নদীর বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ও রঙিয়ারচর, জামালগঞ্জ উপজেলার বেহেলি, ধরমপাশা উপজেলার সানবাড়ি এলাকায় তাঁদের কাছ থেকে চাঁদা আদায় করা হয়। এই চারটি ঘাটে প্রতিটি বাল্কহেড থেকে চাঁদাবাজেরা ৫ থেকে ১০ হাজার টাকা আদায় করে। চাঁদা না দিলে শ্রমিকদের মারধর করা হয়। তাঁরা চাঁদাবাজির প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে এই পথে বালু পরিবহন বন্ধ রেখেছেন।
গতকাল রোববার দুপুরে ফতেপুর এলাকার আবুয়া নদীতে দেখা গেছে, ঘাটে বালুবোঝাই সারি সারি বাল্কহেড নোঙর করা। শ্রমিক জাহাঙ্গীর আলম, মুস্তাফিজ মিয়া, মুহাম্মদ মুসা ও দীন ইসলাম বলেন, বাল্কহেড বন্ধ রাখায় তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু এ ছাড়া কোনো উপায় নেই। শুধু সুনামগঞ্জ অংশেই ৫ থেকে ১০ হাজার টাকা চাঁদা দিতে হয়। পুলিশকে বিষয়টি বারবার বলার পরও কোনো প্রতিকার পাচ্ছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন শ্রমিক দাবি করেন, সুনামগঞ্জের নৌপথে চাঁদাবাজি বন্ধে পুলিশের আন্তরিকতা কম। চাঁদাবাজদের সঙ্গে পুলিশের যোগসাজশ আছে। তা না হলে চাঁদাবাজেরা এত সাহস পেত না।
উদ্ভূত পরিস্থিতিতে গতকাল পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলাম জামালগঞ্জ থানায় বাল্কহেড মালিক, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের নিয়ে বৈঠক করেন।
নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সুনামগঞ্জের নৌপথে যেকোনো মূল্যে চাঁদাবাজি বন্ধ করা হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের বিরুদ্ধে সুস্পষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগে বাল্কহেড শ্রমিক মো. আবদুল সালাম বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানায় মামলা করেন। মামলায় ফতেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল হেকিম, স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন, শিহাব মিয়া, শাহ আলম, তছলিম মিয়া, রিয়াজ উদ্দিন, আজিজ মিয়া, সবুজ মিয়া, আরশাদ মিয়াসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
চাঁদাবাজি মামলার ১ নম্বর আসামি ইউপি সদস্য আবদুল হেকিম বলেন, ‘আমি এখানে চাঁদাবাজির বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলি। নির্বাচনী বিরোধের জেরে আমাকে ষড়যন্ত্রমূলকভাবে এর সঙ্গে জড়ানোর চেষ্টা করছে একটি পক্ষ।’
ফতেপুর ইউপির চেয়ারম্যান রণজিৎ চৌধুরী বলেন, ‘আমি ফতেপুর এলাকায় চাঁদাবাজি বন্ধে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় একাধিকবার কথা বলেছি। বৃহস্পতিবার এলাকাবাসীকে নিয়ে প্রতিবাদ সভা করেছি। সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাও ছিলেন। পুলিশ কঠোর হলে অবশ্যই নৌপথে চাঁদাবাজি বন্ধ হবে।’