বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে গতকাল সোমবার বিকেলে বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে যায়। এ ঘটনায় মোহাম্মদ আলী মণ্ডল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া একজন নারী নিখোঁজ আছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা তিনটার দিকে ১৫-১৬ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ফতুল্লা লঞ্চঘাট থেকে কেরানীগঞ্জের কাওটাইল যাচ্ছিল। পথে ঢাকাগামী ‘খিজির-২’ নামের একটি বাল্কহেড ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারের যাত্রী মোহাম্মদ আলী মারা যান। তাঁর বাড়ি জামালপুরে। তিনি কেরানীগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। ট্রলারের অন্য যাত্রীরা সাঁতরে ও অন্যান্য নৌযানের সহায়তায় তীরে উঠতে সক্ষম হলেও বেবী আক্তার (৩৫) নামের এক নারী নিখোঁজ হন। তাঁর বাড়ি কেরানীগঞ্জে।
ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় দুজনকে আটক ও বাল্কহেডটি জব্দ করা হয়েছে। ঘটনাস্থল দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় পড়ায় সংশ্লিষ্ট থানাকে খবর দেওয়া হয়েছে।