বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় গত বুধবার সন্ধ্যায় তিতাস নদে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে রাশিদা বেগম (৬০) নামের এক নারী নিহত ও তিনজন আহত হয়েছেন। রাশিদার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বদলপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ছয়টার দিকে হোমনা সদর থেকে ট্রলারযোগে বাড়ি ফিরছিলেন রাশিদাসহ কয়েকজন যাত্রী। পথে সদরের দরগাহ বাড়ির ঘাট এলাকায় একটি বালুবাহী বাল্কহেড তাঁদের বহনকারী ট্রলারকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে অন্তত চার-পাঁচজন আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাশিদা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরে গুরুতর আহত আড়াইহাজারের কালাপাহাড়িয়া গ্রামের শ্যামলা বেগম (৩৫) ও মনোয়ারা বেগমকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে আড়াইহাজারের বিবিরকান্দি গ্রামের মজিদা বেগম (৮০) হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।