বাল্কহেডের ধাক্কায় নৌকার ১০ যাত্রী আহত
নারায়ণগঞ্জের বন্দর ১ নম্বর খেয়াঘাট এলাকায় গতকাল সোমবার শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ভেঙে গিয়ে ১০ জন যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে আহত দুই নারীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেলা ১১টার দিকে নগরের ১ নম্বর সেন্ট্রাল খেয়াঘাট থেকে ২০ থেকে ২২ জন যাত্রী নিয়ে একটি নৌকা বন্দর ১ নম্বর খেয়াঘাটে যাচ্ছিল। পথে বন্দর ১ নম্বর খেয়াঘাটের অদূরে বালুবাহী একটি বাল্কহেড ধাক্কা দিলে নৌকাটি ভেঙে যায়। এ সময় যাত্রীদের অনেকেই নদীতে লাফ দেয়। দুর্ঘটনায় নৌকায় থাকা দুজন নারীসহ ১০ জন আহত হয়। ঘাটের অন্য নৌকার মাঝিরা যাত্রীদের উদ্ধার করেন। আহত দুই নারীকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নৌ-পুলিশ বাল্কহেডটি জব্দ করেছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি নৌকা ভেঙে গেছে।