বাল্কহেডের ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের গলুইখালী এলাকায় সোমেশ্বরী নদীতে গত রোববার রাতে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় গৌরাঙ্গ তালুকদার নামের একজন স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
তাঁর বাড়ি উপজেলার বালিয়া গ্রামে। তিনি কলুমা মাছুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার রাত পৌনে আটটার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে নিজ গ্রাম বালিয়ায় ফিরছিলেন গৌরাঙ্গ তালুকদার (৫৮)।
আটটার দিকে নৌকাটি সোমেশ্বরী নদীর গলুইখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেড এটির ওপর উঠে যায়। এতে গৌরাঙ্গ তালুকদার মাথায় গুরুতর আঘাত পান। এর পরপরই তিনি পানিতে পড়ে যান।
এ সময় অন্য একটি ইঞ্জিনচালিত নৌকার সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়। মধ্যনগর বাজারে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন বলেন, নিহতের পরিবারের স্বজনদের পক্ষ থেকে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। তাই ওই দিন রাতে বাল্কহেড ও এর লোকজনকে আটক করার পর ছেড়ে দেওয়া হয়।