বাল্য বিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রীটি
স্কুলপড়ুয়া এক শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করায় তার বাবাকে নগদ এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সন্ধ্যায় নেত্রকোনা পৌরশহরে এ ঘটনা ঘটে।
এলাকার বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর সঙ্গে জেলার কেন্দুয়া উপজেলার এক ব্যক্তির বিয়ের প্রস্তুতি চলছিল। এ সময় বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোনা শাখা খবর পেয়ে উপজেলা প্রশাসনকে জানায়। সন্ধ্যা ছয়টার দিকে প্রশাসনের লোকজন এলে বরের বাড়ির লোকজন পালিয়ে যান।
মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক তাহেজা বেগম বলেন, উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিবারটিকে বুঝিয়ে বাল্য বিয়ে থেকে ছাত্রীটিকে রক্ষা করা সম্ভব হয়েছে।
নেত্রকোনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মোস্তারী কাদেরী প্রথম আলোকে বলেন, বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ সনের ৬ এর ১ ধারায় কনের বাবাকে নগদ এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।