বাল্য বিয়ে প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্য বিয়ে প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। এ কর্মপরিকল্পনার মেয়াদ হবে পাঁচ বছর। ২০২১ সালের মধ্যে বাল্য বিয়ে বন্ধ করতে এই কর্মপরিকল্পনায় স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এতে শতভাগ জন্ম ও বিবাহ রেজিস্ট্রেশন নিশ্চিত করা, বাল্য বিয়ের সঙ্গে সম্পর্কিত আইনের সংশোধন, জেলা পর্যায়ে বাল্য বিয়ের শাস্তি নিশ্চিত করার জন্য লিগ্যাল এইড ক্লিনিক স্থাপন, ব্যাপক সচেতনতা সৃষ্টি ও স্কলারশিপ চালুর বিষয়গুলো গুরুত্ব পাবে।

আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাল্য বিয়ে প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত একটি জাতীয় পর্যায়ের ডায়ালগ অনুষ্ঠিত হয়। এতে খসড়া কর্মপরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আলোচকেরা। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেন, দারিদ্র্য ও অসচেতনতা বাল্য বিয়ের জন্য দায়ী। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই এই কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব তাহমিনা বেগম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটেটিভ লুইস মভনু, ইউএনএফপিএ বাংলাদেশের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেনটেটিভ উরি কাতু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে নারী নির্যাতন প্রতিরোধে মাল্টিসেক্টরাল প্রকল্পের পরিচালক আবুল হোসেন স্বাগত বক্তব্য রাখেন এবং কর্মপরিকল্পনার বিভিন্ন দিক উপস্থাপন করেন।