বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির এক ছাত্রী। আজ বুধবার মধুখালী উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

ইউএনও ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ওই গ্রামের এক কৃষক তাঁর অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে পাশের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার এক ছেলের বিয়ে ঠিক করেন। আগামী শুক্রবার এ বিয়ে হওয়ার কথা ছিল।

মধুখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া খাতুন বলেন, বিয়ের খবর পেয়ে ওই ছাত্রীর মা-বাবা ও ছাত্রীকে নিয়ে দুপুরে ইউএনওর কার্যালয়ে যান তিনি। ইউএনও লুৎফুন নাহার নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ছাত্রীর মা ও বাবা তার নাবালিকা মেয়েকে বিয়ে দেবে না মর্মে মুচলেকা আদায় করেন এবং দুই হাজার টাকা জরিমানা করেন।

ইউএনও লুৎফুন নাহার বলেন, বাল্য বিয়ে নিরোধ আইনে বিয়ে আয়োজনের উদ্যোগ নেওয়ায় ওই দম্পতিকে এ জরিমানা করা হয়েছে।