দেশের বিশিষ্ট ব্যক্তিদের সই করা এক বিবৃতিতে বলা হয়েছে, ১৮ বছরের কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার ‘বিশেষ বিধান’ রেখে আইনটি সংসদে পাস করা হলে তা হবে টেকসই উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিরাট প্রতিবন্ধকতা।
গতকাল শনিবার ২৪ জন বিশিষ্ট ব্যক্তির সই করা এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। বিবৃতিতে বিশিষ্ট ব্যক্তিরা জাতীয় স্বার্থে ‘বিশেষ বিধান’ না রেখে মেয়েদের বিয়ের বয়স শর্তহীনভাবে ১৮ বছর বহাল রেখে বাল্যবিবাহ নিরোধ আইন পাসের আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ নভেম্বর মন্ত্রিসভায় ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৬’-এর খসড়া অনুমোদন করা হয়। ১৯২৯ সালের আইনে যেখানে মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর রাখা হয়েছে, সেখানে ২০১৬ সালে এসে আইনে ‘বিশেষ বিধান’ রাখা হবে নারীর ক্ষমতায়নে বিশ্বাসী বর্তমান সরকারের একটি পশ্চাৎপদ সিদ্ধান্ত।
‘বিশেষ বিধান’ রেখে কোনো আইন প্রণয়ন করা হলে তা আইনি ভিত্তিকে দুর্বল করে দেবে। শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়বে বাংলাদেশ। একই সঙ্গে অপরিণত বয়সে সন্তান ধারণের কারণে বাড়বে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার। বাড়বে নারী নির্যাতন। বাধাগ্রস্ত হবে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন। তাই বিয়ের বয়স কমিয়ে নয়, বরং যেসব কারণে (অসচেতনতা, দারিদ্র্য, সামাজিক নিরাপত্তা ইত্যাদি) বাল্যবিবাহ সংঘটিত হয়, তা দূর করতে পদক্ষেপ নেওয়া জরুরি।
বিবৃতিতে সই করেছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সৈয়দ আবুল মকসুদ, সেলিনা হোসেন, নাজমা সিদ্দিকী, সালমা খান, আয়শা খানম, মাহফুজা খানম, জাকিয়া হাসান, শাহদীন মালিক, আনু মুহাম্মদ, এম হাফিজউদ্দিন খান, রাশেদা কে চৌধূরী, সালমা আলী, তোফায়েল আহমেদ, বদিউল আলম মজুমদার, আমেনা মহসীন, এম এ মুহিত, নাছিমা আক্তার, তানিয়া হক, বজলুর রশীদ, জোবেরা রহমান, রোকেয়া কবীর, নাসিমুন আরা হক ও রোকেয়া প্রাচী। বিজ্ঞপ্তি।