বাল্যবিবাহ আইনের বিশেষ ধারা মেয়েদের কতটুকু সুরক্ষা দেবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ‘অ্যাম্বাসেডর ফর চেঞ্জ’-এর প্রচারের নেতৃত্বে থাকা প্রতিনিধিরা গতকাল মিলিত হয়েছিলেন রাজধানীর একটি হোটেলে। সেখানে তাঁরা নারী নির্যাতন প্রতিরোধের অঙ্গীকার করেন। ছবিতে (বসে বাঁ থেকে) নেদারল্যান্ডসের উপরাষ্ট্রদূত মার্টিন ভন হগসট্রাটেন, ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ক্রিস্টিন হান্টার, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএন উইমেনের উপনির্বাহী পরিচালক লক্ষ্মী পুরী, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স ও শ্রীলঙ্কার হাইকমিশনার ইয়াসোজা গুনাসেকার l ছবি: প্রথম আলো
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ‘অ্যাম্বাসেডর ফর চেঞ্জ’-এর প্রচারের নেতৃত্বে থাকা প্রতিনিধিরা গতকাল মিলিত হয়েছিলেন রাজধানীর একটি হোটেলে। সেখানে তাঁরা নারী নির্যাতন প্রতিরোধের অঙ্গীকার করেন। ছবিতে (বসে বাঁ থেকে) নেদারল্যান্ডসের উপরাষ্ট্রদূত মার্টিন ভন হগসট্রাটেন, ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ক্রিস্টিন হান্টার, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএন উইমেনের উপনির্বাহী পরিচালক লক্ষ্মী পুরী, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স ও শ্রীলঙ্কার হাইকমিশনার ইয়াসোজা গুনাসেকার l ছবি: প্রথম আলো

বাংলাদেশ সরকার বাল্যবিবাহ আইনে ‘সুরক্ষা’ হিসেবে মেয়েদের বিয়ের বয়স কমানো-সংক্রান্ত যে বিশেষ ধারা রাখতে যাচ্ছে, তা আসলেই কতটুকু সুরক্ষা দেবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রশ্ন তুলেছেন জাতিসংঘের উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। তাঁরা বলছেন, বেইজিং ঘোষণায় স্পষ্ট করে বলা আছে, ধর্মীয় বা সাংস্কৃতিক কোনো অজুহাতেই নারীর মানবাধিকার লঙ্ঘন করা যাবে না।

গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে ইউএন উইমেন আয়োজিত ‘অ্যাম্বাসেডর ফর চেঞ্জ’-এর নেতৃত্বে থাকা প্রতিনিধিরা এ কথা বলেন। তাঁরা নারী নির্যাতন প্রতিরোধে বিভিন্ন কার্যক্রমে বিনিয়োগ বাড়ানোর বিষয়টিতে গুরুত্ব দিয়েছেন। নারী নির্যাতন প্রতিরোধ কার্যক্রমে পুরুষ ও ছেলেদের সম্পৃক্ততা জরুরি বলেও উল্লেখ করেছেন তাঁরা। তাঁরা বলেন, নারী নির্যাতনের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে।

১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে অ্যাম্বাসেডর ফর চেঞ্জের প্রতিনিধিরা বিভিন্ন আনুষ্ঠানিকতার ফাঁকে গতকাল গণমাধ্যমকর্মীদের সঙ্গে বৈঠকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেখানে বাল্যবিবাহের প্রসঙ্গটি প্রাধান্য পায়।

জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএন উইমেনের উপনির্বাহী পরিচালক লক্ষ্মী পুরী গতকাল ওই অনুষ্ঠানে বলেন, বাংলাদেশ জেন্ডার লিঙ্গ সমতায় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজির লক্ষ্যমাত্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে লৈঙ্গিক সমতা আনা, মাতৃমৃত্যু রোধসহ মাতৃস্বাস্থ্য উন্নয়নে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন ‘চ্যাম্পিয়ন’।

লক্ষ্মী পুরী বর্তমানে বাংলাদেশ সফর করছেন। অনুষ্ঠানে তিনি বলেন, অনেক অর্জনের পরও বাংলাদেশে পারিবারিক নির্যাতনের হার অনেক বেশি। ক্ষতিকারক প্রথা, বিশেষ করে বাল্যবিবাহের হারও অনেক বেশি। বাবা-মা মেয়ের ভালোর জন্য অল্প বয়সে বিয়ে দেন। কিন্তু এ বিয়ের ফলে শিশুটির শারীরিক, মানসিকসহ নানান ক্ষতি হয়। একটি শিশুকে বিয়ে দেওয়ার চেয়ে নিরাপদ পরিবেশে যাতে শিশুটি বেড়ে উঠতে পারে, সে বিষয়ে গুরুত্ব দেন তিনি।

লক্ষ্মী পুরী বলেন, বাল্যবিবাহসহ অন্যান্য সামাজিক প্রথা, প্রথাগত ধারণা বাংলাদেশের উন্নয়নের পথে বড় চ্যালেঞ্জ। এ প্রথা বা চর্চাগুলোর পরিবর্তন জরুরি। বেইজিং ঘোষণায় স্পষ্ট করে বলা হয়েছে, সাংস্কৃতিক কোনো অজুহাতেই নারীর মানবাধিকার লঙ্ঘন করা যাবে না। নারী নির্যাতনের ফলে নারীর সব ধরনের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পরিবারের শিশুরা এ নির্যাতনের ভুক্তভোগী ও সাক্ষী হচ্ছে। সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নির্যাতনের পর স্বাস্থ্য খরচ, কাজ কামাই করাসহ বিভিন্ন খাতে বিশ্বে ন্যূনতম দেড় লাখ কোটি ডলার ক্ষতি হচ্ছে, যা কানাডার মোট জিডিপির সমান।

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, বাল্যবিবাহ আইনে বিশেষ ধারা থাকলে তা বাল্যবিবাহ প্রতিরোধের চেয়ে বাল্যবিবাহকে উৎসাহিত করবে। রাষ্ট্রদূত জানান, তিনি বাংলাদেশের অনেক মেয়ের সঙ্গে কথা বলেছেন। কেউ বলেনি যে তারা শিশু বয়সে বিয়ে করতে চায়। বিশেষ ধারা রাখার পক্ষে বাংলাদেশে বিশেষ যে কারণগুলোর কথা বলা হচ্ছে, সে কারণগুলোর চেয়েও অভিভাবকেরাই মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছেন মেয়ের সুরক্ষার কথা চিন্তা করে। তবে আদৌ সেই মেয়ের সুরক্ষা হচ্ছে কি না, তা ভাবা হচ্ছে না।

বার্নিকাট বলেন, ভুটান, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা গত ১০ বছরে বাল্যবিবাহের আইন পরিবর্তন করেছে। কোনো দেশ আইনে বিশেষ ধারা রাখেনি। উন্নত দেশের পুরোনো আইনে বিশেষ ব্যবস্থার কথা আছে, তবে নতুন আইনে সে ধরনের বিশেষ কোনো ধারা রাখা হয়নি। আর যুক্তরাষ্ট্রে বাবা-মা ছোট বয়সে মেয়েদের বিয়ে দিতে চান না।

শ্রীলঙ্কার হাইকমিশনার ইয়াসোজা গুনাসেকারা বলেন, নারী নির্যাতন শুধু একটি দেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক বা আন্তর্জাতিক সমস্যা। ১৮ বছর বয়সের আগে অনেক অভিভাবক মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন। এ বিয়ে ওই শিশুকে জীবনব্যাপী সমস্যার মধ্যে ফেলছে।

ইয়াসোজা গুনাসেকারা বলেন, গ্লোবাল জিডিপির মাত্র ২ শতাংশ নারী নির্যাতন প্রতিরোধে ব্যয় করা হচ্ছে, যা খুব দুঃখজনক। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, বাংলাদেশে জেন্ডারভিত্তিক নির্যাতনের ফলে উৎপাদনশীলতা, কর্মদক্ষতাসহ বিভিন্ন খাতে ক্ষতি হচ্ছে ২৬২ মিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশ জিডিপির ১ দশমিক ৩ শতাংশ।

গণমাধ্যমের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স, ডেনমার্কের রাষ্ট্রদূত সিডেল ব্লিকেন, নেদারল্যান্ডসের উপরাষ্ট্রদূত মার্টিন ভন হগসট্রাটেন, ব্রাজিল দূতাবাসের উপরাষ্ট্রদূত জুলিও সেজার সিলভা, যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) প্রধান জেইন এডমন্ডসন, কানাডা হাইকমিশনের প্রথম সচিব ক্রিস্টোফার ডুগুইড, ইউএনএফপিএ বাংলাদেশ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়োরি কাতো প্রমুখ উপস্থিত ছিলেন এবং প্রশ্নের উত্তর দেন।