বাল্যবিবাহ আইনের বিশেষ বিধান আত্মঘাতী: বিচারপতি ইমান আলী
প্রস্তাবিত বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধানকে ‘আত্মঘাতী’ হিসেবে আখ্যায়িত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. ইমান আলী।
আজ রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত দিনব্যাপী এক সেমিনারে কথাগুলো বলেন তিনি। ‘জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানসমূহের অভিজ্ঞতা বিনিময়: প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়’ শীর্ষক এই সেমিনারের শিশু অধিকার নিয়ে এক বিশেষ অধিবেশনে কথাগুলো বলেন তিনি।
বিচারপতি ইমান আলী বলেন, ১৬ বছরে বিয়ের বিশেষ বিধানের পক্ষে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণকে যুক্তি তুলে ধরা হয়েছে। এখন এই সুযোগ নিয়ে অল্প বয়সে বিয়ের হিড়িক পড়ে যাবে। অনেক অভিভাবক অল্প বয়সে গোপনে মেয়ের বিয়ে দিয়ে নয় মাস বা বছর খানেক পর মেয়ের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের অজুহাত হিসেবে তুলে ধরে বিয়ে দেবে।
ইমান আলী বলেন, অনেক বাবা-মা দাবি করেন, সন্তানের মঙ্গলের জন্য অল্পবয়সী মেয়েদের বিয়ে দিচ্ছেন তাঁরা। মূলত এর মাধ্যমে এসব অভিভাবকের ব্যক্তিগত স্বার্থই চরিতার্থ হয়। দুটো কারণে তাঁরা দ্রুত বিয়ে দিতে চান। এক, তাঁরা মেয়েটির খাওয়া-পড়ার দায় থেকে মুক্তি চান। মেয়েটির সম্ভাবনা তাঁরা বিবেচনায় নেন না। দুই, বাস্তবিকভাবেই মেয়ের নিরাপত্তার বিষয়টি তাঁরা বিবেচনা করেন।
বিচারপতি ইমান আলী বলেন, উন্নত শিক্ষাই মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
এই অধিবেশনের সভাপতি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, প্রস্তাবিত বাল্যবিবাহ আইনের বিশেষ বিধান নারীর উন্নয়নে দেশের অর্জনকে নষ্ট করে ফেলবে। আইনে ১৬ বছরে মেয়েদের বিয়ের যে বিশেষ বিধান রয়েছে, তা পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন তিনি।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, বাংলাদেশে নারীদের উন্নয়নে আজ বিশ্ব স্বীকৃত। নারীর উন্নয়নে বাংলাদেশ রোল মডেল। সেখানে প্রস্তাবিত বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান পরস্পরবিরোধী।
সকালে এ সেমিনারের উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আমীর-উল ইসলাম, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি এইচ এল দাত্তু।
বিকেলে প্রবাসী শ্রমিকদের অধিকার-সংক্রান্ত আরেক অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. নজরুল ইসলাম, ভারতের মানবাধিকার কমিশনের সদস্য শরদ চন্দ্র সিনহা প্রমুখ।