বাল্যবিবাহ আইনের বিশেষ বিধান বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশনের উদ্যোগে গতকাল গাজীপুরের শ্রীপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গণজমায়েত অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো
চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশনের উদ্যোগে গতকাল গাজীপুরের শ্রীপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গণজমায়েত অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো

মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া প্রস্তাবিত বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৬-এর ‘বিশেষ বিধান’ বাতিলের দাবিতে গাজীপুরে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার জেলার শ্রীপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন এ কর্মসূচির আয়োজন করে। গণজমায়েতে শিশু-কিশোর, যুব সংগঠনের সদস্য, স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য, অভিভাবক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বিশেষ বিধান ছাড়া আইনটি প্রণয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের প্রতি একটি আহ্বানপত্র পাঠ করেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রী ও শ্রীপুর যুব ফোরামের সদস্য সাহিদা আক্তার স্বর্ণা।

সমাবেশে বলা হয়, বাল্যবিবাহ নিরোধ আইনে কোনো বিশেষ বিধান বা ব্যতিক্রম রাখা উচিত হবে না। বিশেষ বিবেচনার কিছু থেকে থাকলে তা বিবাহ রেজিস্ট্রেশন আইন ও এর বিধিমালার মাধ্যমে সমাধান করা যেতে পারে। বিশেষ বিধানের ক্ষেত্রে ১৮ বছরের নিচে সব মেয়েশিশুকে অপ্রাপ্তবয়স্ক বলা হয়েছে এবং বয়সের কোনো সীমা ঠিক করে দেওয়া হয়নি। একই সঙ্গে ‘শিশুর সর্বোত্তম স্বার্থ’ বিষয়টি উল্লেখ করা হয়েছে, কিন্তু সর্বোত্তম স্বার্থ বলতে কী বোঝানো হবে, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। আরও লক্ষণীয় যে এ রকম বিশেষ পরিস্থিতিতে বাবা-মা এবং আদালতের অনুমতি নেওয়ার বিষয়টি উল্লেখ থাকলেও আদালতের অনুমতির বিষয়টি বাধ্যতামূলক করা হয়নি এবং শিশুর অনুমতি নেওয়ার বিষয়ে কিছুই বলা হয়নি, যা শিশু অধিকারের পরিপন্থী।