বাল্যবিবাহ আয়োজন করায় দুজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে বাল্যবিবাহ আয়োজন করার দায়ে কনের নানা ও চাচাকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে বরকে ৫০০ টাকা জরিমানা করা হয়। রোববার বিকেলে সদর উপজেলার টেংরামারী গ্রামের শিশিরপাড়ায় গিয়ে আদালত তাঁদের এ শাস্তি দেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাসার উদ্দিন জানান, ওই গ্রামে ১৩ বছরের এক মেয়ের সঙ্গে গতকাল গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের ওয়াসিম আকরামের (২৮) বিয়ের আয়োজন করা হয়। এ সময় পুলিশসহ ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছান। দোষ স্বীকার করায় এ সময় আদালত কনের নানা ফরিদ উদ্দিনকে ১০ দিনের ও চাচা নজরুল ইসলামকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ওয়াসিম আকরামকে ৫০০ টাকা জরিমানা করেন। পরে আদালত ওই বিয়ে বন্ধ করে দেন।