বাল্যবিবাহ এগিয়ে যাওয়ার পথে বড় প্রতিবন্ধকতা
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বিভিন্ন সূচকে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে বাল্যবিবাহ এই এগিয়ে যাওয়ার পথে বড় প্রতিবন্ধকতা। বাল্যবিবাহ মানবাধিকারের লঙ্ঘন। উন্নত বিশ্বে গিয়ে বাল্যবিবাহ প্রসঙ্গে দ্বিধা নিয়ে কথা বলতে হয়। তিনি বাল্যবিবাহকে উন্নয়নের পথে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
গতকাল শনিবার বেসরকারি সংগঠন কেয়ারের ‘বাল্যবিবাহ প্রতিরোধে টিপিং পয়েন্ট: ইনোভেশন অ্যান্ড অ্যাডভোকেসি অর অ্যাড্রেসিং আন্ডারলাইয়িং কজেজ অব চাইল্ড ম্যারেজ’ শীর্ষক প্রকল্প আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সুনামগঞ্জ বা বিভিন্ন এলাকায় বাল্যবিবাহের কারণ বা সমস্যাগুলোর সমাধান না করে বাল্যবিবাহ বন্ধ করা যাবে না। অন্যদিকে সামাজিক রীতিনীতি ধাপে ধাপে পরিবর্তন করতে হয়। এ ধরনের পরিবর্তন দৃশ্যমান হতে সময় লাগে।
অনুষ্ঠানে আলোচকেরা বলেন, টিপিং পয়েন্ট প্রকল্পের অধীনে বাংলাদেশ ও নেপালে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক অংশগ্রহণমূলক গবেষণা বা কমিউনিটি পারটিসিপেটরি অ্যানালিসিস করা হয় ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত। বাংলাদেশের সুনামগঞ্জ জেলার দিরাই, দোয়ারাবাজার ও জামালগঞ্জ উপজেলার ১৩টি গ্রামে এ গবেষণা পরিচালিত হয়।
অনুষ্ঠানে কেয়ার ইউএসএর জেন্ডার অ্যান্ড এমপাওয়ারমেন্টের জ্যেষ্ঠ পলিসি অ্যাডভাইজর মিলকা কিহুনাহ এবং কেয়ারের প্রতিনিধি প্রকিটি নকরেক প্রকল্প এবং প্রকল্পের আওতায় বাংলাদেশে পরিচালিত গবেষণার বিভিন্ন ফলাফল তুলে ধরেন। গবেষণায় উঠে এসেছে, এপ্রিল থেকে মধ্য আগস্ট পর্যন্ত বর্ষাকালে হাওর অঞ্চল প্লাবিত হয়। তখন ছেলেমেয়েদের স্কুলে যাওয়া কঠিন হয়ে যায়। পরিবারের পুরুষদের অনেকে মধ্যপ্রাচ্যে চলে যান। তবে যাওয়ার আগে সন্তানদের বিয়ে দিতে চান।
অনুষ্ঠানে সুনামগঞ্জের দুই শিশু সাদিয়া আক্তার ও জুবায়ের হোসেন জানায়, তারা আগে স্বপ্ন দেখতে জানত না। তাদের এলাকায় এ প্রকল্প পরিচালিত হওয়ার পর তারা জানতে পেরেছে স্বপ্ন দেখলে তা বাস্তবায়ন করা সম্ভব।
প্যানেল আলোচক বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, ভারতে পাচারের শিকার যে মেয়েদের উদ্ধার করা হয়, তাদের ৯০ শতাংশই বাল্যবিবাহের শিকার ছিল। বাল্যবিবাহের শিকার মেয়েদের সঙ্গে স্বামীরা যে শারীরিক সম্পর্ক করেন, তাকে ‘মেরিটাল রেপ’ বলতে হবে। তিনি সরকারের প্রতি মেয়েদের বিয়ের বয়স কমানো নিয়ে কোনো ধরনের শর্ত বা বিশেষ ধারা সংযোজন না করে আইনের খসড়াটি চূড়ান্ত করার আহ্বান জানান।
নেপালে কেয়ারের অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার আইউশা নিরলা জানান, তাঁর দেশের সরকার বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের বিশেষ বৃত্তি, নারী শিক্ষক বাড়ানো, বাজেটে বরাদ্দ দেওয়াসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
ভারতের নয়াদিল্লির নিরন্তর ট্রাস্টের টিম লিডার অ্যাপেকশা ভরা জানান, তাঁর দেশে শিশুদের প্রতি যৌন নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন আছে। তবে বাল্যবিবাহ নিরোধ আইনে অভিভাবকের সম্মতিতে ১৬ বছর বয়সের বিয়েকে বৈধ বিয়ে বলা হয়েছে।
অনুষ্ঠানে কেয়ার বাংলাদেশের সহকারী দেশীয় পরিচালক আরশাদ মাহমুদ স্বাগত বক্তব্য দেন। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার।