বাল্যবিবাহ ও অশ্লীল ভিডিও রাখার দায়ে তরুণের কারাদণ্ড
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বাল্যবিবাহ ও মুঠোফোনে অশ্লীল ভিডিওদৃশ্য রাখার দায়ে মো. সুমন মিয়া (২২) নামের এক তরুণকে চার মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল খায়ের গতকাল সোমবার দুপুরে নিজ কার্যালয়ে আদালত বসিয়ে এ রায় দেন। সুমনের বাড়ি উপজেলার গোপালপুর ইউনিয়নের বাকাইল গ্রামে। তিনি আলফাডাঙ্গা ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।
আদালত সূত্রে জানা গেছে, সুমন একই গ্রামের ১৩ বছর বয়সের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ফুসলিয়ে খুলনায় নিয়ে বিয়ে করেন। এ ছাড়া সুমনের মুঠোফোনে অশ্লীল ভিডিওদৃশ্য পাওয়া যায়।
ইউএনও বলেন, ওই স্কুলছাত্রীর মায়ের লিখিত অভিযোগ পাওয়ার পর সুমনকে গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বাল্যবিবাহের দায়ে তাঁকে এক মাস এবং পর্নোগ্রাফি আইনে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।