
গত দুই দশকে আর্থসামাজিক নানা সূচকে বাংলাদেশের অর্জন ঈর্ষণীয় এবং যেকোনো দেশের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু এখনো এ দেশে বাল্যবিবাহের মতো সমস্যা রয়ে গেছে। তেমনি প্রতিবছর সন্তান প্রসবসহ মাতৃত্বজনিত জটিলতায় পাঁচ হাজার নারীর মৃত্যু হচ্ছে। সামাজিক সূচকের অর্জনের ধারা অব্যাহত রেখে বাংলাদেশের এ সমস্যাগুলোর সমাধান করা উচিত।
জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক ইয়োরিকো ইয়াসুকাওয়া এ মন্তব্য করেন। পপুলেশন পার্টনারশিপ ডায়ালগের (পিপিপি) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে তিনি গত বৃহস্পতিবার ঢাকায় আসেন। ওই বৈঠকের ফাঁকে তিনি শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্রথম আলোসহ তিনটি গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।
ইয়োরিকো ইয়াসুকাওয়া বলেন, প্রজননগত স্বাস্থ্য, নারী-পুরুষ সমতা, নারীর ক্ষমতায়ন এবং তরুণ জনগোষ্ঠীকে সিদ্ধান্ত গ্রহণে সুযোগ করে দেওয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে সহায়তায় গুরুত্ব থাকছে তার সংস্থার।
বাংলাদেশের অগ্রগতির মূল্যায়ন করতে গিয়ে ইয়োরিকো বলেন, গত দুই দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি আর্থসামাজিক সূচকের ক্ষেত্রে বাংলাদেশের অর্জন ঈর্ষণীয়। শিশু ও মাতৃমৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমানো, শিক্ষায় ছেলেমেয়েদের সমান সুযোগ নিশ্চিত করা, বিপুল জনগোষ্ঠীকে পরিবার পরিকল্পনার সেবার আওতায় আনার ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য যেকোনো দেশের জন্য আদর্শ হতে পারে। কাজেই এসব অর্জনের ওপর ভিত্তি করেই বাংলাদেশকে এগিয়ে যেতে হবে।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যের(এসডিজি) তুলনা করে ইয়াসুকাওয়া বলেন, ইচ্ছে থাকলেই যে পরিবর্তন সম্ভব তার এক চমৎকার উদাহরণ এমডিজি। এমডিজির আগে পৃথিবীতে কখনো দারিদ্র্য এতটা কমেনি। তেমনি শিশু ও মাতৃ মৃত্যুহার কমা ও বিপুলসংখ্যায় ছেলেমেয়েদের স্কুলে যাওয়ার মতো অর্জনগুলোও এসেছে এমডিজির হাত ধরে। গত ১৫ বছরের এ অর্জন অতীতে কখনো ভাবাই যায়নি। তিনি বলেন, সামাজিক সূচকে ব্যাপক সাফল্যের পাশাপাশি বৈষম্যও চোখে পড়ার মতো। পৃথিবীজুড়ে নানাভাবে লোকজন বঞ্চনার শিকার হয়েছে, এদের মধ্যে আছে আদিবাসী, ধর্মীয় সংখ্যালঘু, অভিবাসী, প্রতিবন্ধী ও নারী। কাজেই পরবর্তী উন্নয়ন লক্ষ্যে পিছিয়ে পড়া এসব জনগোষ্ঠীকে নিয়েই এগোতে হবে। তা না হলে দারিদ্র্যমুক্ত পৃথিবী গড়ার স্বপ্ন অধরাই থেকে যাবে।