বাল্যবিবাহ ও মাদককে 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর উপজেলার কির্ত্তীপুর উচ্চবিদ্যালয় মাঠে গতকাল মঙ্গলবার মাদক ও বাল্যবিবাহকে ‘না’ বলে শপথ নিয়েছে পাঁচ শতাধিক শিশু শিক্ষার্থী। কির্ত্তীপুর উচ্চবিদ্যালয়ের উদ্যোগে মাদক ও বাল্যবিবাহবিরোধী সমাবেশে শিশু শিক্ষার্থীরা এ শপথ নেয়।
কির্ত্তীপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, নওগাঁ সদর থানার ওসি তোরিকুল ইসলাম ও কীর্ত্তিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতোয়ার রহমান প্রমুখ।
প্রধান অতিথি সমাবেশে উপস্থিত পাঁচ শতাধিক শিক্ষার্থীকে মাদক ও বাল্যবিবাহকে ‘না’ বলার শপথ করান। শিশু শিক্ষার্থীরা হাত তুলে শপথ করে, ‘আমরা কেউ ২০ বছরের আগে বিয়ে করব না, বিয়ে দেব না এবং মাদকের সঙ্গে থাকব না।’
পুলিশ সুপার মোজাম্মেল বলেন, ‘মাদক ও বাল্যবিবাহ নতুন প্রজন্ম এবং সমাজের জন্য ভয়াবহ ব্যাধি। এগুলো থেকে নতুন প্রজন্মকে মুক্ত রাখার দায়িত্ব আমাদের সবার।’ শিশু শিক্ষার্থীদের তিনি মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও সচেতন অভিভাবকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।