বাল্যবিবাহ ও যৌতুককে 'না' বলল আড়াই হাজার মানুষ
শেরপুরের শ্রীবরদী উপজেলায় গতকাল শনিবার প্রায় আড়াই হাজার মানুষ বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে শপথ নিয়েছেন। এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, কাজি ও মসজিদের ইমাম অংশ নেন।
দুপুরে উপজেলা সদরের এমএনবিপি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী আলোচনা সভা হয়। এতে নারী ও শিশু নির্যাতনবিরোধী হটলাইন নম্বর ‘১০৯’ এবং জেলা প্রশাসক, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোন নম্বর দেওয়া হয়। নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধের জন্য এই নম্বরে কল করে জানাতে বলা হয়। পরে চলতি বছর এসএসসি পরীক্ষায় উপজেলার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া ৭৬ জন শিক্ষার্থীকে উপহার হিসেবে বই দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন। তিনি উপস্থিত সবাইকে শপথবাক্য পড়ান। সভায় জেলা প্রশাসকের সঙ্গে কণ্ঠ মিলিয়ে উপস্থিত ব্যক্তিরা বলেন, ‘বাল্যবিবাহের সঙ্গে যুক্ত হব না। বাল্যবিবাহ প্রতিহত করব। সামাজিক ব্যাধি হিসেবে খ্যাত বাল্যবিবাহ, যৌতুক, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ভিক্ষাবৃত্তি ঘৃণা করব। দেশকে ভালোবাসব এবং দেশের কল্যাণে কাজ করব।’ এ সময় সবাই বাল্যবিবাহ ও যৌতুককে লাল কার্ড দেখান।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের শ্রীবরদী কার্যালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এর আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাসরিন সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক সরকার।