নীলফামারী সদর উপজেলা ও পৌরসভাকে গতকাল রোববার দুপুরে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ২০ সহস্রাধিক নারী-পুরুষের অংশগ্রহণে এক গণসমাবেশে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ ঘোষণা দেন।
আসাদুজ্জামান নূর বলেন, ‘আজ (রোববার) সদর উপজেলাকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। এটি ধরে রাখতে আমাদের প্রতিটি পাড়ায়, মহল্লায় ও গ্রামে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ কাজটি আরও সহজ হবে বাবা-মায়েরা সচেতন হলে।’
ওই গণসমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলী। বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব অশোক কুমার বিশ্বাস, জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সিভিল সার্জন আবদুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা প্রমুখ।
এদিকে বিকেলে ১০ কোটি ২৭ লাখ ৮৩ হাজার ৪৯৯ টাকা ব্যয়ে নীলফামারী জেলা স্টেডিয়ামের সম্প্রসারণ কাজের ভিত্তিফলক উন্মোচন করেন সংস্কৃতিমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।