বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে লাল কার্ড প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে দেশের ৭টি জেলার ৬৫ উপজেলার ১৯৫টি মাধ্যমিক বিদ্যালয়ে আজ থেকে ‘লাল কার্ড ক্যাম্পেইন’ শুরু হচ্ছে।
গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের (ইউজেডজিপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ইউজেডজিপি প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ), সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি), ইউএনডিপি ও ইউএনসিডিএফ।
বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করাই এই প্রচারণার মূল লক্ষ্য। প্রায় দেড় লাখ শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনসাধারণকে এই সামাজিক সমস্যা প্রতিরোধে উদ্বুদ্ধ করা হবে।
সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, বরগুনা ও রংপুরে এই কর্মসূচি হচ্ছে।
অয়োজকেরা জানান, ইউজেডজিপি ইতিমধ্যে বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধবিষয়ক বিভিন্ন স্লোগান, হটলাইন নম্বরসহ একটি লাল কার্ড তৈরি করে উপজেলাগুলোতে পাঠিয়েছে। কর্মশালায় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে এই লাল কার্ডটি বিতরণ করা হবে, যাতে বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে তারা ফোনের মাধ্যমে দ্রুত স্থানীয় প্রশাসনের সহায়তা নিতে পারে।
এর আগে ২০১৫ সালে ৭টি জেলার ৬৫ উপজেলার ১৩০টি বিদ্যালয়ে একই ধরনের কর্মসূচি পালন করা হয়।