বাল্যবিবাহ ও যৌন হয়রানি রুখতে শিক্ষার্থীদের শপথ
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটেদের হাতে প্রাণ দেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার ওয়াহেদ আলী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর বাবা। গতকাল বৃহস্পতিবার যৌন হয়রানি ও বাল্যবিবাহ রুখে দেওয়ার শপথ নিল সেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান শিক্ষার্থীদের শপথবাক্য পড়ান।
সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে যৌন হয়রানি ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভার আয়োজন করে জেলা পুলিশ। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউদ্দিন মহির সভাপতিত্বে বক্তব্য দেন এসপি মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী, শিবালয় থানার ওসি মনিরুল ইসলাম, স্থানীয় আরুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকতারুজ্জামান, উলাইল ইউপির চেয়ারম্যান আনিছুর রহমান, নবম শ্রেণির ছাত্রী মুক্তা আক্তার প্রমুখ।
পুলিশ সুপার বলেন, ছাত্রীর বাবার খুনি মামলার প্রধান আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।