বাল্যবিবাহ ও শিশুশ্রম নিরুৎসাহিত করতে শিক্ষা প্রণোদনা
রাজশাহীর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গতকাল শুক্রবার উপজেলার চরখিদিরপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রণোদনা হিসেবে শিক্ষা উপকরণ ও পোশাক বিতরণ করেছেন। বাল্যবিবাহ ও শিশুশ্রমে শিক্ষার্থীদের নিরুৎসাহিত করা এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টিই এর লক্ষ্য।
ইউএনও রাজ্জাকুল ইসলাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের বিদ্যালয়ের নির্ধারিত পোশাক, বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে এক বছরের জন্য খাতা, কলম, পেনসিল, ইরেজার ও টিফিন সামগ্রী বিতরণ করেন।
এ উপলক্ষে গতকাল শুক্রবার বিদ্যালয় চত্বরে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করেন।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রথম আলোর রাজশাহী বন্ধুসভার সভাপতি ফারুক হোসেন, নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের এডিপি ব্যবস্থাপক সাগর মারান্ডি প্রমুখ।
রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকা চরখিদিরপুরে বাল্যবিবাহের ব্যাপক প্রচলন রয়েছে। একইভাবে শিশুশ্রমের প্রতিও তারা ঝুঁকে পড়ছে। ওই এলাকায় দটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও কোন মাধ্যমিক বিদ্যালয় ছিল না। এই অবস্থায় চার বছর আগে বঞ্চিতিবদল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রথম আলোর রাজশাহী বন্ধুসভা যৌথভাবে সেখানে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী পর্যায়ের পাঠদান শুরু করে। উপজেলা প্রশাসন তাদের একটি তাদের একটি আধাপাকা ভবন করে দেয়।