বাল্যবিবাহ: কনের বাবা ও বরের অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে বাল্যবিয়ের প্রস্তুতি নেওয়ার সময় ‘কনের’ বাবা এবং ‘বরকে’ অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেলে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমির আবদুল্লাহ মঞ্জুরুল করিমের নেতৃত্বে গঠিত আদালত এ দণ্ড দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, চাঁদপুরে শহরের পুরান বাজারের মনির হোসেন (২৪) ও গফুর শেখ (৪০)। তাঁদের এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

সূত্র জানায়, শহরের পুরান বাজার মধ্য শ্রীরামদীর আবুল কালাম হাওলাদারের ছেলে মনির হোসেন ও একই এলাকার গফুর শেখের ষষ্ঠ শ্রেণির ছাত্রীর সঙ্গে দুপুরে বিয়ের প্রস্তুতি চলছিল। এ ঘটনায় স্থানীয় লোকজন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহারকে মুঠোফোনে বিষয়টি জানান। পুলিশ কনের বাড়ি থেকে তার বাবা ও বরকে আটক করে থানায় নিয়ে যায়। বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের অর্থদণ্ড দেওয়া হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, মেয়ের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না-এ মর্মে লিখিতভাবে অঙ্গীকার করেছে কনের পরিবার। দণ্ডপ্রাপ্ত বরকে সে সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। অন্যত্র বিয়ে করবেন না বলে বরও অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।