বাল্যবিবাহ: কনের বাবা-দাদার দণ্ড
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মেয়েকে বাল্যবিবাহ দেওয়ায় বাবাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কনের দাদাকেও একই দণ্ড দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাবা অনুকূল চন্দ্র দেব ও দাদা অরুণ চন্দ্র দেব। তাঁদের বাড়ি উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের বিজয়া চা-বাগান এলাকায়।
কুলাউড়া উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েটি (১৫) স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে নবম শ্রেণিতে পড়ে। গত বৃহস্পতিবার তার সঙ্গে রাজনগর উপজেলার চাটুরা গ্রামের এক যুবকের বিয়ে ঠিকঠাক করেন অভিভাবকেরা। খবর পেয়ে প্রশাসনের লোকজন ওই দিন গিয়ে মেয়ের অভিভাবকদের বিয়েটি বন্ধের অনুরোধ জানান। পরদিন শুক্রবার রাজনগর উপজেলায় এক আত্মীয় বাড়িতে নিয়ে গোপনে ওই মেয়ের বিয়ে দেওয়া হয়। পরে মেয়ের বাবা অনুকূল ও দাদা অরুণকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহসিনা বেগম তাঁর কার্যালয়ে ডেকে আনেন। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে সাজা দেন।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন মুঠোফোনে বলেন, অরুণ গোপনে বাল্যবিবাহের আয়োজনে সহায়তা করেন।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী বলেন, সাজাপ্রাপ্ত দুই ব্যক্তিকে মৌলভীবাজার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।