বাল্যবিবাহ কমানো গেলে মাতৃমৃত্যুর হার কমবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে কিশোরী মাতৃমৃত্যুর বড় কারণ বাল্যবিবাহ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় বলছে, ১০ থেকে ১৪ বছর বয়সীদের ১১ শতাংশ এবং ১৫ থেকে ১৯ বছর বয়সীদের ৪৬ শতাংশ কিশোরী বাল্যবিবাহের শিকার। সরকার আরও বলছে, কিশোরী মায়ের মৃত্যুঝুঁকি প্রাপ্তবয়স্ক মায়ের তুলনায় অন্তত চার গুণ বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বাল্যবিবাহ কমানো গেলে মাতৃমৃত্যুর হার কমানো সম্ভব হবে।দেশে এক লাখ জীবিত শিশুর জন্ম দিতে গিয়ে ৩২০ জন মায়ের মৃত্যু হচ্ছে। জাতিসংঘ বলছে, পৃথিবীর যেসব দেশে মাতৃমৃত্যুর হার বেশি, বাংলাদেশ তার অন্যতম। এই মৃত্যুর হার আবার কিশোরী মায়েদের মধ্যে বেশি।প্রসূতি ও স্ত্রীরোগ চিকিত্সক রওশন আরা খানম প্রথম আলোকে বলেন, কিশোরীর শারীরিক কাঠামো গর্ভধারণের উপযুক্ত নয়। অল্প বয়সে গর্ভধারণ করলে মায়ের শরীরের ওপর চাপ পড়ে। এতে মা ও নবজাতক উভয়ের ঝুঁকি বাড়ে। তিনি বলেন, বাল্যবিবাহ বন্ধ করলে মাতৃমৃত্যুর হার কমানো সম্ভব। এর জন্য তিনি মেয়েদের শিক্ষা এবং গ্রামে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দেশের জনসংখ্যার ২৩ শতাংশের বয়স ১৯ বছরের নিচে। ১৬ বছর পূর্ণ হওয়ার আগেই গ্রামের ৮৫ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায়। অন্যদিকে ১৫ থেকে ১৯ বছর বয়সী বিবাহিতদের এক-তৃতীয়াংশ ইতিমধ্যে মা হয়েছেন। এসব কিশোরী মায়ের মধ্যে জন্মনিয়ন্ত্রণসামগ্রী ব্যবহারের হার কম, ৪১ দশমিক ৮ শতাংশ। জাতীয় পর্যায়ে এই হার ৫৫ দশমিক ৮ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, এই হার বাড়ানো দরকার।সরকারের কৈশোর প্রজননস্বাস্থ্য-বিষয়ক দলিলে বলা হয়েছে, পুষ্টিহীনতা কিশোরী মাতৃমৃত্যুর অন্যতম কারণ। ৩৯ দশমিক ৪ শতাংশ কিশোরী ভীষণ অপুষ্টির শিকার। সরকারের দলিলে বলা হয়েছে, বারবার সন্তান ধারণের ফলে কিশোরীদের পুষ্টিপরিস্থিতির অবনতি ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক কাজী সালামতুল্লাহ একে একটা দুষ্টচক্র বলেছেন। তিনি বলেন, ‘অপরিণত বয়সে মা হওয়া নারীদের বেশির ভাগই অপুষ্টিতে ভুগছে। ফলে তাঁরা জন্ম দিচ্ছেন অপুষ্ট ও কম ওজনের শিশু। সেই অপুষ্টির শিকার শিশু যখন মা হচ্ছেন, তখন গর্ভকালীন ঝুঁকিতে পড়ছেন।’এই চক্র ভাঙার একটি উপায় হচ্ছে বাল্যবিবাহ কমানো। বাংলাদেশে আইনগতভাবে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর। এ ব্যাপারে ব্যাপক প্রচার চালানো দরকার। বেসরকারি প্রতিষ্ঠান মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মকর্তারা বলছেন, গত দুই দশকে বাল্যবিবাহের এই হার প্রায় অপরিবর্তিত রয়েছে। তাঁরা বলছেন, কিশোরীদের বিয়ে দেওয়ার প্রবণতা না কমানো গেলে মাতৃমৃত্যুর হার কমবে না।নারী অধিকারকর্মীরা বলছেন, যৌতুকবিরোধী আইন, ১৯৮০; নারীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন, ১৯৮৩; অনৈতিক পাচার আইন, নারী ও শিশু নির্যাতন (সংশোধিত) আইন, ২০০০ এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ১৯৮৩-এর যথাযথ প্রয়োগের উদ্যোগ নিলে অবস্থার পরিবর্তন হবে।