বাল্যবিবাহ করতে গিয়ে কারাগারে বর
নোয়াখালীর কবিরহাট উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করতে গিয়ে কারাগারে যেতে হয়েছে মাকছুদুর রহমান (২২) নামের এক তরুণকে। ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন দিনের সাজা দিয়ে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন। সেই সঙ্গে একই অপরাধে কনের মায়ের অর্থদণ্ড দেওয়া হয়েছে। আদালতের আদেশের পর তিনি জরিমানার অর্থ পরিশোধ করেন।
আজ সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরিফুল ইসলাম এ দণ্ড দেন।
নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ঘোষবাগ ইউনিয়নের আলীপুর গ্রামের প্রবাসী হুমায়ুন কবিরের সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে একই ইউনিয়নের রামবল্লভপুর গ্রামের মাকছুদুর রহমানের বিয়ের দিন ছিল সোমবার। দুপুরে বরপক্ষ আসে বিয়েবাড়িতে। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বিয়েবাড়িতে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. শরিফুল ইসলাম। তিনি তাৎক্ষণিক বরকে আটক করে উপস্থিত সাক্ষ্য-প্রমাণ ও দোষ স্বীকারের ভিত্তিতে মাকছুদুর রহমানকে তিন দিনের কারাদণ্ড দেন এবং কনের মাকে এক হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বরের কারাদণ্ড ও কনের মায়ের অর্থদণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ইউএনও মো. শরিফুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, অভিযানকালে বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং কনে পক্ষকে বাল্যবিবাহের বিষয়ে সতর্ক করা হয়েছে।