বাল্যবিবাহ করতে গিয়ে দুজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী ও নোয়াখালীতে গতকাল সোমবার বাল্যবিবাহ করতে গিয়ে দুজনকে কারাগারে যেতে হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের এক জেএসসি পরীক্ষার্থীর সঙ্গে একই উপজেলার কালিদহ ইউনিয়নের দক্ষিণ মাইজবাড়িয়া গ্রামের শহীদুল ইসলামের (৩৩) বিয়ে ঠিক হয়। গতকাল সদর উপজেলার লালপুল এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়।
খবর পেয়ে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নেহাশীষ দাস পুলিশসহ সেখানে যান। পরে তিনি বর, বরের
বাবা, বরের খালু, বরের চাচাতো ভাই ও কনের চাচাতো বোনকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যান।
পরে ভ্রাম্যমাণ আদালত বর শহীদুল ইসলাম, তাঁর বাবা করিম উল্যাহ ও খালু আবুল খায়েরকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে জরিমানা; বরের চাচাতো ভাই নুর নবী (২৮) ও কনের চাচাতো বোন রেহানা আক্তারকে (২৫) এক হাজার টাকা করে জরিমানা করেন।
এ ছাড়া ওই ছাত্রীর লেখাপড়া চালিয়ে যাওয়া ও ১৮ বছর পূর্ণ হওয়া পর্যন্ত বিবাহ না দেওয়ার অঙ্গীকার করেছেন অভিভাবকেরা।
ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক পিকেএম এনামূল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে নোয়াখালীর কবিরহাট উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করতে গিয়ে কারাগারে যেতে হয়েছে এক ব্যক্তিকে। গতকাল দুপুরে ইউএনও মো. শরিফুল ইসলাম অভিযান চালিয়ে বরকে দণ্ড দেন।
ইউএনওর কার্যালয় সূত্র জানায়, উপজেলার ঘোষবাগ ইউনিয়নের সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই ইউনিয়নের রামবল্লভপুর গ্রামের মাকছুদুর রহমানের (২২) বিয়ের দিন ছিল গতকাল।
বিষয়টি জানতে পেরে বিয়ে বাড়িতে গিয়ে হাজির হন ইউএনও। এ সময় তিনি বরকে তিন দিনের কারাদণ্ড দেন ও কনের মায়ের এক হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও মো. শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাল্যবিবাহটি হতে দেওয়া হয়নি। এ ছাড়া কনে পক্ষকে বাল্যবিবাহের বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।