বাল্যবিবাহ করলেন পিআইও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ বাধা দেওয়ার পরও পটুয়াখালীর বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নবম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ে করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার মদনপুরা গ্রামে খোরশেদ মাস্টারের বাড়িতে এই বাল্যবিবাহের ঘটনা ঘটে। বর মফিজুর রহমান ওই উপজেলার সূর্যমণি ইউনিয়নের জবেদ আলী হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি পিরোজপুরের কাঁঠালিয়া উপজেলার পিআইও।গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার কুণ্ডু বিয়ে বাড়িতে হাজির হয়ে বিয়ে ভেঙে দেন এবং এজাতীয় অপরাধ না করার জন্য উভয় পক্ষকে সতর্ক করে দেন। কিন্তু পুলিশ চলে আসার পর ওই রাতেই বিয়ে পড়ানো হয়। একাধিকবার চেষ্টা করেও ছাত্রীর বাবা বাদল মোল্লার সঙ্গে যোগাযোগ করা যায়নি। পিআইও মফিজুর রহমান জানান, মেয়ের বাড়িতে বিয়ের কথাবর্তা চলছিল। পুলিশ নিষেধ করায় হয়নি। তবে সেলিম ভূঁইয়া নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ছেলেমেয়েকে কলমা পড়ানো হয়েছে। সে সময় তিনি বিয়ে বাড়িতে উপস্থিত ছিলেন।স্থানীয় এনজিওকর্মী আবদুল খালেক মিয়া বলেন, ‘যেখানে একজন সরকারি কর্মকর্তা বাল্যবিবাহের বিপক্ষে অবস্থান নেবেন, তা না নিয়ে তিনি নিজেই বিয়ে করে বসলেন, তাঁর উপযুক্ত শাস্তি হওয়া উচিত।’ একই রাতে উপজেলার পূর্ব খেজুরবাড়িয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর এক ছাত্রীর বিয়ে হয় উপজেলার গোসিংগা গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে নজরুল ইসলামের সঙ্গে।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মো. গাজ্জালী জানান, পুলিশ গিয়ে বিয়ে বন্ধ করার পরও বিয়ে হয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর অপর বাল্যবিবাহের কথা তাঁর জানা নেই।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ নিষেধ করার পরও একজন পিআইও বাল্যবিবাহ করে থাকলে ঠিক করেননি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।