বাল্যবিবাহ করানোর দায়ে কাজির দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম নিবন্ধন সনদ ছাড়া বাল্যবিবাহ রেজিস্ট্রি করার অপরাধে গত বৃহস্পতিবার রাতে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ইব্রাহিম আলীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মওলা এ রায় দেন। ইউএনওর দাবি, নিকাহ রেজিস্ট্রার অপরাধ স্বীকার করেছেন। পুলিশ জানায়, ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ১৬ বছরের এক ছেলের সঙ্গে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। পরে গোবিন্দপুর মসজিদের ইমাম সুলতান মিয়া গর্ভপাত ঘটানো ছাড়া ওই মেয়ের বিয়ে পড়ালে ইমামের স্ত্রী তালাক হয়ে যাবে বলে ফতোয়া জারি করেন। ইমামের নির্দেশ মতো মেয়েটির গর্ভপাত ঘটানোর পর গত ২২ আগস্ট গভীর রাতে গ্রামের মাতব্বরদের ‘ম্যানেজ’ করে বিয়ের আসর বসানো হয়। বিয়ের আসরেই ছেলেমেয়েকে ১০১টি করে দোররা মারা হয়। পরে ইমাম বিয়ের কাজ সম্পন্ন করেন। ইব্রাহিম আলী জন্ম নিবন্ধন সনদ ছাড়াই ইমরাজুল ও লতিফার বিয়ে রেজিস্ট্রি করেন। এ নিয়ে গত ২৯ আগষ্ট প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।পরে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কয়েক দিনব্যাপী সরেজমিনে তদন্ত করে নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে জন্ম নিবন্ধন সনদ ছাড়া বাল্যবিবাহ রেজিস্ট্রি করার সত্যতা পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তারের পর রাত আটটার দিকে এই রায় দেন।