বাল্যবিবাহ জঙ্গিবাদ ও মাদককে 'না' শিশুদের
ময়মনসিংহের ফুলবাড়িয়ার মোহাম্মদনগর উচ্চবিদ্যালয় মাঠে গতকাল সোমবার শিশু শিক্ষার্থীরা বাল্যবিবাহ, মাদক ও জঙ্গিবাদকে ‘না’ বলে শপথ নিয়েছে। একই দিন জামালপুরের সরিষাবাড়ীর দৌলতপুর উচ্চবিদ্যালয় মাঠে চার শতাধিক শিক্ষার্থী বাল্যবিবাহ প্রতিরোধে শপথ নেয়।
ফুলবাড়িয়ায় বালিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে বাল্যবিবাহ, মাদক ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের কমিশনার জি এম সালেহ উদ্দিন। তিনি সমাবেশে উপস্থিত কয়েক শ শিক্ষার্থীকে বাল্যবিবাহ, মাদক ও জঙ্গিবাদকে ‘না’ বলার শপথ করান। তিনি বলেন, ‘বাল্যবিবাহ, মাদক ও জঙ্গিবাদ—তিনটিই নতুন প্রজন্মের জন্য ভয়াবহ ব্যাধি। এগুলো থেকে নতুন প্রজন্মকে মুক্ত রাখার দায়িত্ব আমাদের।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তফরদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত নির্বাহী হাকিম আরিফ আহমেদ খান, ফুলবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান প্রমুখ।
সরিষাবাড়ীতে ব্র্যাকের কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচির উদ্যোগে বাল্যবিবাহ বন্ধে শোভাযাত্রা ও আলোচনা সভা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় বাল্যবিবাহ বন্ধে নাটক মঞ্চস্থ করা হয়।
আলোচনা সভায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক নিতাই চন্দ্র সরকার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সাংসদ মুরাদ হাসান। আলোচনা শেষে বিদ্যালয়টির চার শতাধিক শিক্ষার্থীকে বাল্যবিবাহ প্রতিরোধে শপথ পড়েন।
ব্র্যাকের কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচির জামালপুরের ব্যবস্থাপক হাফেজা খাতুন বলেন, বাল্যবিবাহ সামাজিক ব্যাধি হিসেবে দেখা দেওয়ায় এ কর্মসূচি পালন করা হয়।