বাল্যবিবাহ ঠেকাতে এগিয়ে এল সহপাঠীরা
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর (১৪) বাল্যবিবাহ ঠেকাতে এগিয়ে এসেছে ওই ছাত্রীর সহপাঠীরা। গতকাল রোববার এ ব্যাপারে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে এসে সহযোগিতা চায়।
এলাকাবাসী, সংশ্লিষ্ট বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর সঙ্গে পাশের নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা এলাকার এক যুবকের আজ সোমবার সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। খবরটি জানতে পেরে তার সহপাঠীরা প্রধান শিক্ষককে বিষয়টি জানায়। পরে ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ২৫-৩০ জন শিক্ষার্থী মধ্যনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদারের কাছে এসে বিয়ে ঠেকাতে অনুরোধ করে।চেয়ারম্যান এ বিয়ে বন্ধের আশ্বাস দিলে তারা সহপাঠীর বাবা-মাকেও একই অনুরোধ করে।
মধ্যনগর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম বলেন, ওই মেয়ে বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।এ বিয়ে বন্ধ করতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও একজন ইউপি সদস্যের সাহায্য চাওয়া হয়েছে।
প্রবীর বিজয় তালুকদার বলেন, ওই ছাত্রীর বাবা ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে লিখিতভাবে অঙ্গীকার করেছেন।