বাল্যবিবাহ ঠেকাতে এবার ঢোল ও হাততালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুর বিয়ে ঠেকাতে দুই বছরব্যাপী এক মাল্টিমিডিয়া প্রচারে এখন থেকে ঢোল ও হাততালির ব্যবহার করা হবে। উন্নয়ন সংস্থার সহযোগিতায় জাতীয়ভাবে এই প্রচার চালাবে বাংলাদেশ সরকার। আজ সোমবার বিকেলে ঢাকার একটি অভিজাত হোটেলে এই প্রচারণার উদ্বোধন করা হয়েছে।

‘বাল্যবিবাহ রুখতে হলে আওয়াজ তোলো তালে তালে’ স্লোগান সামনে রেখে এই প্রচার চলবে। প্রধান অতিথি হিসেবে এই প্রচারাভিযান উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ভিন্নধর্মী এই প্রচারাভিযানের বক্তব্য হচ্ছে, বাল্যবিবাহ বন্ধ করা। এ কাজে সবার শরিক হওয়া দরকার। বাল্যবিবাহ বন্ধ করা—এই বার্তার পাশাপাশি বাল্যবিবাহের ফলে ক্ষতিকর দিকগুলো কী, পরিষ্কারভাবে সেটাও বলা উচিত। তথ্যমন্ত্রী আরও বলেন, শুধু মেয়েদের জন্য নয়, অপ্রাপ্তবয়স্ক ছেলেদের বিয়ে ঠেকাতেও এই প্রচার দরকার।

প্রচারণা সম্পর্কে অনুষ্ঠান থেকে বলা হয়, দেশে শিশুবিবাহ বন্ধ করতে সচেতনতা বাড়াতে এবং এটি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে আগামী দুই বছর প্রচারণা চলবে। সামাজিক যোগাযোগমাধ্যম, পাঁচটি ইভেন্ট, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড ও দেয়ালচিত্রের পাশাপাশি দেশব্যাপী এই প্রচারাভিযানে টেলিভিশন ও রেডিওতে পাঁচটি করে দশটি তথ্যচিত্র, ২৬ পর্বের দুটি নাটক দেখানো হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেন, ২০১৫ সালে দেশে ১৫ বছর বয়সের নিচে বাল্যবিবাহের হার ছিল ২৩ দশমিক ৮ শতাংশ, তা কমে ২০১৭ সালে হয়েছে ১০ দশমিক ৭৮ শতাংশ। আর ১৮ বছরের নিচে বাল্যবিবাহের হার ২০১৫ সালে ছিল ৬২ দশমিক ৮ শতাংশ, তা কমে ২০১৭ সালে হয়েছে ৪৭ শতাংশ। সরকার সচেষ্ট আছে বলে এই ধারাবাহিকতায় দেশে বাল্যবিবাহ আস্তে আস্তে কমে আসছে।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা (ইউনিসেফ), জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ও কানাডা এই প্রচারণার কারিগরি ও আর্থিক সহায়তা দিচ্ছে। প্রচারণা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কথা বলেন ইউনিসেফের বাংলাদেশের প্রতিনিধি এডুয়ার্ড বেগবেদার। তিনি বলেন, ১৮ বছর বয়সের আগে বিয়ে অনুমোদনের বিশেষ বিধানটি যেন অপব্যবহার না হয়। এ জন্য সরকারের পক্ষ থেকে যেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। কারণ, ১৮ বছরের নিচে বিয়ে কোনো মেয়ের জন্যই কল্যাণকর নয়।

মহিলা ও শিশুবিষয়ক সচিব নাছিমা বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠান বিশেষ বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনওয়া পিয়ের লাহামে।