বাল্যবিবাহ ঠেকাতে পারল না প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার পুকুরপাড়া গ্রামে গতকাল বুধবার ভোরে বাল্যবিবাহ সম্পন্ন হয়েছে। স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানিয়েও বাল্যবিবাহ ঠেকানো গেল না।
এলাকার কয়েকজন বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার কদিমচিলান ইউনিয়নের চাঁদপুর গ্রামে স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর (১৫) সঙ্গে একই গ্রামের এক তরুণের (১৮) বিয়ের আয়োজন করা হয়। দুপুর পৌনে ১২টার দিকে এক গ্রামবাসী (নাম প্রকাশে অনিচ্ছুক) বিষয়টি প্রথমে স্থানীয় ইউপি চেয়ারম্যান, পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মুঠোফোনে জানান। ইউএনও বিয়ে বন্ধ করার দায়িত্ব দেন চেয়ারম্যান সেলিম রেজাকে। তাৎক্ষণিক এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বরপক্ষ বরযাত্রী নিয়ে সন্ধ্যায় কনের বাড়িতে আসেন। এ সময় ঘটনাটি আবারও ইউএনওকে মুঠোফোনে জানানো হয়। তিনি আবারও চেয়ারম্যানকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার তাগাদা দেন। ইউপি চেয়ারম্যান তাৎক্ষণিক বিয়েবাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন। তবে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে অভিভাবকেরা এ বিয়ে দেবেন না, এমন কোনো মুচলেকা নেওয়া হয়নি। ফলে উভয় পক্ষ গতকাল ভোরে প্রশাসনের অগোচরে পাশের পুকুরপাড় গ্রামে ছেলের ফুফুর বাড়িতে বর ও কনের বিয়ে সম্পন্ন করে।
কদিমচিলান ইউনিয়নের দায়িত্বরত নিকাহ রেজিস্ট্রার জামান উদ্দিন বলেন, তিনি এই নিকাহ রেজিস্ট্রি করেননি। তবে শুনেছেন, স্থানীয় একটি মাদ্রাসার একজন পিয়ন ইসলামি কায়দায় তাদের বিয়ে সম্পন্ন করেছেন।
ইউপি চেয়ারম্যান সেলিম বলেন, ‘চেষ্টা করা হয়েছে বিয়ে বন্ধ করার। কিন্তু রাতের অন্ধকারে বিয়ে হয়ে গেলে আমার কী করার আছে?’
ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, ‘আমি তো জানি বিয়ে বন্ধ হয়েছে। কিন্তু কীভাবে আবার বিয়েটা হলো তা তদন্ত করে জানব। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’