বাল্যবিবাহ ঠেকাতে বর ও কনে পক্ষের দণ্ড
বগুড়ার ধুনটে বাল্যবিবাহ ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত বর ও কনেপক্ষকে দণ্ড দিয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় মাঠিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চরপাড়া গ্রামের ছাবেদ আলীর ছেলে ইমরান আলীর (১৭) সঙ্গে মাঠিকোড়া গ্রামের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর (১৩) বিয়ে ঠিক করা হয়। ছেলেকে ২০ হাজার টাকা যৌতুক দেওয়ারও সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় বরযাত্রী কনের বাড়িতে হাজির হয়। এই সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনি থানার ওসি তোজাম্মেল হকসহ বিয়েবাড়িতে উপস্থিত হন। এ সময় বরের বাবাকে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ এবং কনের বাবাকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করে মুচলেকা দেওয়ার পর থানা থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।