বাল্যবিবাহ ঠেকাতে বাড়ি ছাড়ল ষষ্ঠ শ্রেণির ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী (১১) তার বাল্যবিবাহ ঠেকাতে বাড়ি ছেড়েছে। প্রশাসনের কর্মকর্তারা তার মা-বাবাকে তাকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিতে নিষেধ করেছেন। কিন্তু মেয়েটির ভয়, তাকে জোর করে বিয়ে দেওয়া হতে পারে।
সেনগাঁও ইউনিয়নের ওই মেয়েটি স্থানীয় এক মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। মেয়েটি বলে, তার সৎবাবার এক আত্মীয়র (১৮) সঙ্গে বিয়ে ঠিক হয়। গত সোমবার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু তার বাল্যবিবাহের কথা জানতে পেরে স্থানীয় সমাজসেবক ও সেনগাঁও ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান মালেকা বেগম গত বৃহস্পতিবার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম খন্দকারকে জানান। ইউএনও এ বিষয়ে ব্যবস্থা নিতে সহকারী কমিশনার (ভূমি) সারওয়ার মোর্শেদকে দায়িত্ব দেন। আর সহকারী কমিশনার সেনগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজার রহমানকে বিষয়টি জানান। ইউপি চেয়ারম্যান গত শনিবার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে তাদের বাড়িতে এসে বিয়ে বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু সৎবাবা কৌশলে বিয়ে দিয়ে দেবেন এটা আঁচ করতে পেরে ওই দিনই সে বাড়ি ছেড়ে তার খালার বাড়িতে চলে যায়।
মেয়েটি অভিযোগ করে বলে, চেয়ারম্যান বিয়ে বন্ধের নির্দেশ দিলেও সোমবার তাদের বাড়িতে বরযাত্রী আসার কথা ছিল। তাকে বাড়ি ফিরিয়ে নিতে অনেকবার চেষ্টাও করেছেন তার সৎবাবা। গতকাল মঙ্গলবারও তাকে ফিরিয়ে নিতে আসেন তার নানা ও গ্রামের কয়েকজন ব্যক্তি।
মেয়েটি আরও বলে, ‘বিয়ে বন্ধ হওয়ায় আমি খুশি। আমি সরকারের কাছে নিরাপত্তা চাই। আমি পড়াশোনা করে বড় হতে চাই।’
মালেকা বেগম বলেন, ‘মেয়েটিকে বাড়িতে নিয়ে যেতে পারলে তার পরিবার তাকে বিয়ে দিয়ে ফেলত।’
এ ব্যাপারে জানতে গতকাল দুপুরে মেয়ের বাবার মুঠোফোনে ফোন করা হয়। তিনি সাংবাদিক পরিচয় জেনে ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।
সেনগাঁও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার বলেন, ‘আমি মেয়েপক্ষকে বিয়ে বন্ধের নির্দেশ দিয়েছি। যদি নির্দেশ অমান্য করে শিশুটির বিয়ে দেওয়া হয়, তাহলে মেয়ের মা-বাবার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারওয়ার মোর্শেদ বলেন, বাল্যবিবাহ ঠেকাতে ও আইন অমান্যকারীদের শাস্তি বিধানে প্রশাসন সজাগ রয়েছে।