বাল্যবিবাহ ঠেকানো মেয়েটি পাসের খবর জেনেছে হাসপাতালে
সহপাঠীরা গত বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল জেনে যখন হই-হুল্লোড় করছিল, নিজের বাল্যবিবাহ ঠেকানো মেয়েটি তখন হাসপাতালের বিছানায় ব্যথায় কাতরাচ্ছিল। বিকেলে মায়ের মুখে শুনল, সে জিপিএ-৪ দশমিক ৪৪ পেয়েছে। ফল শুনে তার সব ব্যথা যেন উবে গেল। নিজের অনুভূতি জানিয়ে মেয়েটি বলছিল, ‘বিয়ে নয়, আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। পড়াশোনা চালিয়ে যেতে আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন।’
বাল্যবিবাহে রাজি না হয়ে প্রতিবাদ করায় গত ২৫ এপ্রিল সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছিল বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের এই কিশোরী (১৬)। এখনো সে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সে এ বছর স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে। ভবিষ্যতে সে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হতে চায়। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখতে চায়, বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে কাজ করতে চায়। কারণ, সে বাল্যবিবাহের বিরুদ্ধে ঘরে প্রতিরোধ গড়ে তুলতে পারলেও অনেক মেয়ে তা পারছে না। বাবা-মা বা পরিবারের সদস্যদের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না।
মেয়েটির বাবা ও চাচা এক বখাটের সঙ্গে তার বিয়ে ঠিক করেছিলেন। ২৭ এপ্রিল ওই বিয়ে হওয়ার কথা ছিল। মেয়েটি বিয়েতে রাজি না হয়ে বাবা-চাচার সিদ্ধান্তের প্রতিবাদ করে। মেয়েটির মা বলেন, এর জেরে ২৫ এপ্রিল মেয়েটির চাচা ও ওই বখাটের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁদের বাড়িতে হামলা চালায়। তারা এ সময় কুপিয়ে দুই মেয়েসহ তাঁকে আহত করে। এ ঘটনায় আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের কাছে লিখিত অভিযোগ দিতে যাওয়ার পথে উপজেলা পরিষদ চত্বরে মেয়েকে অপহরণের চেষ্টা করে ওই বখাটে। এতে ব্যর্থ হয়ে আবারও মেয়ের ওপর হামলা চালায়। সেদিনই মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় জড়িত অভিযোগে ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালত মেয়েটির চাচাকে এক বছর এবং ওই বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। আর মেয়েটির বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন।