বাল্যবিবাহ ঠেকানো 'ঘাসফুলে'র সাত ছাত্রী পুরস্কৃত
বাল্যবিবাহ প্রতিরোধ করায় ময়মনসিংহের নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সাত ছাত্রীকে পুরস্কৃত করা হয়েছে। সমবায় অধিদপ্তরের নরসিংদী আঞ্চলিক প্রশিক্ষণ ইনস্টিটিউট ও সমবায় একাডেমির পক্ষ থেকে গতকাল রোববার ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মিলনায়তনে গতকাল বেলা ১১টার দিকে এ অনুষ্ঠান হয়।
নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সাত ছাত্রী ‘ঘাসফুল’ নামের একটি সামাজিক সংগঠন গড়ে তোলে। তারা হলো তুলি দেবনাথ, সানজিদা ইসলাম, স্নেহা বর্মণ, লিজুয়ানা তাবাসসুম, জান্নাতুল ইসলাম, জীবননিসা খানম ও জান্নাতুল আক্তার। তাদের উদ্যোগে তিনটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। এর পাশাপাশি রাস্তাঘাটে কোনো মেয়েকে উত্ত্যক্ত করলে তার বিরুদ্ধেও তারা রুখে দাঁড়ায়।
অনুষ্ঠানে নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ (উপনিবন্ধক) হরিদাস ঠাকুর বলেন, সাত ছাত্রীর এই সাফল্য ছোট করে দেখা ঠিক হবে না। ছোট মেয়েদের এ ধরনের কার্যক্রম সংগ্রামী মানুষের জয়যাত্রায় ভূমিকা রাখবে। স্কুলপড়ুয়া সাত ছাত্রীর কাজ আরও ৭০ জনকে উজ্জীবিত করবে। একসময় সেটা সারা দেশে ছড়িয়ে পড়বে।
দেড় ঘণ্টা ধরে চলা অনুষ্ঠানে ঘাসফুল নিয়ে কথা বলেন সাত ছাত্রীর একজন লিজুয়ানা। অনুষ্ঠানে প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সাত ছাত্রীর বিভিন্ন কাজ নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো বড় পর্দায় দেখানো হয়। আরও উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা, জেলা সমবায় কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, ইনস্টিটিউটের প্রশিক্ষক সোহরাব হোসেন, নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল খালেক প্রমুখ।