বাল্যবিবাহ ঠেকাল পুলিশ

বগুড়ার ধুনট উপজেলায় বাল্যবিবাহের প্রস্তুতি নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। বিয়ের দিন-ক্ষণ নির্ধারণে আলোচনার সময় বিয়ের আয়োজক এবং বরের বাবা ও কনের দাদাকে আটক করা হয়। পরে বিয়ে বন্ধের মুচলেকা দিয়ে ছাড়া পান তাঁরা। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের কোনাগাতি গ্রামে এ ঘটনা ঘটে। বর ও কনে দুজনেই ছিল শিশু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের কোনাগাতি গ্রামের এক ব্যক্তির ১৪ বছর বয়সী ছেলের সঙ্গে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার আরেক ব্যক্তির চতুর্থ শ্রেণির ছাত্রীতে পড়ুয়া ১১ বছরের মেয়ের বিয়ের প্রস্তুতি নেওয়া হয়। বিয়ের অনুষ্ঠান ও দিন নির্ধারণ করার জন্য গতকাল রাত ১০টার দিকে কোনাগাতি গ্রামে সোবাহান আলীর বাড়িতে বর ও কনের পক্ষের লোকজন আলোচনায় বসেন।
এ সময় পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে সোবাহান আলীসহ বরের বাবা ও কনের দাদাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ওই বিয়ে না হওয়ার শর্তে মুচলেকা দিয়ে রাত ১২টার দিকে আটক তিনজন ছাড়া পান।
আটক সোবাহান আলী বলেন, ‘দুই পক্ষের আপনজন হিসেবে আমাকে বিয়ে আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। দুই পক্ষ বিয়ের অনুষ্ঠান ও দিন-তারিখ নির্ধারণ করার জন্য আমার বাড়িতে আলোচনায় বসেন। এ সময় পুলিশ খবর পেয়ে আমাদের আটক করেন। এ বিয়ে আর কখনো হবে না মর্মে মুচলেকা দিয়েছি।’
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, ঘটা করে বাল্যবিবাহের প্রস্তুতি ও অনুষ্ঠানের তারিখ নির্ধারণের জন্য আলোচনা করার সময় আয়োজনকারীসহ বর ও কনেপক্ষের দুজনকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।