বাল্যবিবাহ ঠেকালেন প্রশাসনের কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে গত রোববার বয়স বাড়িয়ে এক কিশোরীকে বিয়ে দিচ্ছিল তার পরিবার। তবে খবর পেয়ে এ আয়োজন ঠেকিয়ে দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরীর বাড়ি সুজানগরের একটি গ্রামে। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাস করার পর আর লেখাপড়া করেনি। শিক্ষাপ্রতিষ্ঠানের নথি অনুযায়ী তার বয়স এখনো ১৬ হয়নি। বিয়ে দেওয়ার জন্য সম্প্রতি তার বয়স বাড়িয়ে নিয়ে একটি জাল জন্মসনদ তৈরি করেন অভিভাবকেরা।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, রোববার পার্শ্ববর্তী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এক যুবকের সঙ্গে ওই কিশোরীর বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে ওই দিন বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সমীর চন্দ্র বিশ্বাস অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ নিয়ে ওই কিশোরীর বাড়িতে যান। তাঁরা কিশোরীর জন্মসনদ দেখতে চান। অভিভাবকেরা জন্মসনদটি দেখালে সেটি জাল বলে শনাক্ত করা হয়। এ অবস্থায় কনে ও বর পক্ষের অভিভাবক এবং বিয়ে নিবন্ধককে (নিকাহ রেজিস্ট্রার) আটক করা হয়। পরে ১৮ বছরের আগে মেয়েটিকে বিয়েসহ তা নিবন্ধন না করানোর ব্যাপারে লিখিত মুচলেকা দিলে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়।

সমীর চন্দ্র বিশ্বাস বাল্যবিবাহ ঠেকানোর বিষয়টি নিশ্চিত করে গতকাল সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অভিভাবকেরা স্থানীয়ভাবে মেয়েটির জাল জন্মসনদ তৈরি করেছিলেন বলে স্বীকার করেছেন।