বাল্যবিবাহ ঠেকালেন ভ্রাম্যমাণ আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর মৌলভীপাড়া গ্রামে বাল্যবিবাহ ঠেকালেন ভ্রাম্যমাণ আদালত। বর ও কনেপক্ষকে এক হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর মৌলভীপাড়া গ্রামের কনে কিছুদিন আগে নয় বছরে পা দিয়েছে। সে স্থানীয় একটি সরকারি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী। পাশের নামাপাড়া লক্ষ্মীপুর গ্রামের কাওসার মিয়া (৩০) নামের সৌদি আরব প্রবাসী এক যুবকের সঙ্গে তার বিয়ে ঠিক করা হয়। গতকাল বাদ আসর বিয়ে হওয়ার কথা ছিল। এদিকে এলাকার সচেতন ব্যক্তিরা বর ও কনেপক্ষের অভিভাবকদের এ বিয়ে বন্ধের আহ্বান জানিয়ে ব্যর্থ হন। পরে তাঁরা এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলমের হস্তক্ষেপ কামনা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের সহায়তায় এলাকার গণমান্য ব্যক্তিদের নিয়ে ইউএনও দুপুর একটার দিকে বিয়েবাড়ি হাজির হন। তখন বরযাত্রীদের খাওয়াদাওয়া চলছিল। প্রশাসন প্রথমে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে বর ও কনেপক্ষে দোষ স্বীকার করলে আদালত উভয়পক্ষকে অর্থদণ্ডে দণ্ডিত করেন। ইউএনও শাহ আলম প্রথম আলোকে জানান, বর ও কনেপক্ষকে মোট এক হাজার টাকা জরিমানা করা হয়।