বাল্যবিবাহ ঠেকিয়ে দিল সহপাঠীরা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীর বিয়ে দেওয়ার চেষ্টা করে তার পরিবার। এ বিয়ে ঠেকাতে তার সহপাঠীরা গতকাল রোববার সড়ক অবরোধ করে। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি ওই ছাত্রীর অভিভাবকদের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধের প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।জানা গেছে, কসবা উপজেলার কালিয়ারা গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে শাহপুর আফছার উদ্দিন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী নাছিমা আক্তারের (১৩) বিয়ে ঠিক হয়। আজ সোমবার বিয়ে হওয়ার কথা ছিল। বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নিয়ে নাছিমা আক্তারের সহপাঠীরা গতকাল ওই ছাত্রীর বাড়িতে যায়। বিয়ে না দেওয়ার জন্য তারা নাছিমার বাবা শাজাহান মিয়াকে অনুরোধ করেন। কিন্তু তিনি তাদের বের করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীরা বেলা একটার দিকে কসবা-কুটি চৌমুহনী সড়ক অবরোধ করে। খবর পেয়ে কসবা থানার পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য রবিউল হোসেন ঘটনাস্থলে যান। এরপর তাঁরা শাহজাহান মিয়ার সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের আশ্বাস দেন বিয়ে হবে না। তখন শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। শাহপুর আফছার উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হাছান ভূঁইয়া গতকাল প্রথম আলোকে বলেন, মেয়েটি তাঁর বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে। তার বিয়ের বয়স হয়নি। এর পরও তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হচ্ছিল। তার অভিভাবককে বিয়ে না দেওয়ার জন্য অনুরোধ করা হলেও তিনি প্রথমে গুরুত্ব দেননি। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।শাহজাহান মিয়া বলেন, যেহেতু বাল্যবিবাহ আইনত নিষেধ, তাই মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে দেবেন।কসবা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হক প্রথম আলোকে বলেন, মেয়েটির বাবা থানায় এসে মুচলেকা দিয়েছেন। মুচলেকায় তিনি বলেছেন, তিনি অপ্রাপ্ত বয়সে মেয়ের বিয়ে দেবেন না।