বাল্যবিবাহ ঠেকিয়ে পুলিশের বিরুদ্ধে ঘুষ আদায়ের অভিযোগ
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের কবিরকাঠী গ্রামে রোববার রাতে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে আক্তার মোল্লা (১৫) নামের এক কিশোরের বিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। তবে বিয়ে বন্ধ করে বাউফল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোফজ্জেল হোসেন অভিভাবকদের গ্রেপ্তারের ভয় দেখিয়ে পাঁচ হাজার টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আক্তার এবং ওই ছাত্রী সম্পর্কে খালাতো ভাইবোন।স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রীটির বাড়ি পঞ্চগড় সদর উপজেলার দক্ষিণ ভাটিয়াপাড়া গ্রামে। আক্তার মোল্লা ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কাওরাইত গ্রামের সহিদ মোল্লার ছেলে। সে ঢাকার একটি টুপি তৈরির কারখানার কর্মচারী। উভয় পরিবারের সমঞ্চতিতে গত রোববার রাতে তাদের নানা বাউফলের কবিরকাঠী গ্রামের সমশের আলী শিকদারের ঘরে বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। খবর পেয়ে বাউফল থানার এএসআই মোফজ্জেল হোসেন গিয়ে ওই বাল্যবিবাহ বন্ধ করে দেন এবং উভয়ের অভিভাবকদের গ্রেপ্তারের ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে চলে যান।নাম প্রকাশে অনিচ্ছুক বর ও কনের একজন ঘনিষ্ঠ আত্মীয় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘টেকা দিয়া রক্ষা পাইছি। নইলে পুলিশ জেলের ভাত খাইয়ে ছাড়ত।’ এএসআই মোফজ্জেল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো ঘুষ নেওয়া হয়নি।